নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০১ মে ২০২৩ ১০:১৩



চার্লসের অভিষেক অনুষ্ঠান ঘিরে যুক্তরাজ্যের বাজারে যত বিশেষ পণ্য (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০১ মে ২০২৩ ১০:১৩


বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর

৬ মে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং কুইন কনসোর্ট ক্যামিলা আনুষ্ঠানিকভাবে রাজা-রানি হিসেবে অভিষিক্ত হবেন। ঐতিহাসিক দিনটি উপলক্ষে যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান নানা ধরনের পণ্য তৈরি করছে। স্পার্কলিং ওয়াইন,  চায়ে স্বাদযুক্ত সুগন্ধি ডোনাট ও বিশেষ স্টিকারসহ বিভিন্ন পণ্য বাজারে আসছে। রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে এমন কিছু পণ্য ও বিশেষ উদ্যোগ নিয়ে বিস্তারিত নিয়ে থাকছে বেঙ্গলনিউজ টোয়েন্টিফোরে আজকের প্রতিবেদনে।

সাধারণত রাজপরিবারের অনুমতি ছাড়া তাদের ছবি, প্রতীক কিংবা আনুষ্ঠানিক কোনো চিহ্নকে বাণিজ্যিক পণ্যের জন্য ব্যবহার করা যায় না। তবে গত ফেব্রুয়ারিতে বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে বলা হয়, রাজ অভিষেক অনুষ্ঠান উপলক্ষে স্মারক হিসেবে রাজপরিবারের ছবি এবং আনুষ্ঠানিক চিহ্নের বাণিজ্যিক ব্যবহারজনিত বিধিগুলো সাময়িকভাবে শিথিল করা যেতে পারে।

এরই পরিপ্রেক্ষিতে ওয়াইন উৎপাদনকারী প্রতিষ্ঠান চ্যাপেল ডাউন ওয়াইনারি এ অভিষেক অনুষ্ঠান উপলক্ষে ২০১৬ সালে সংগ্রহ করা আঙুরের রস থেকে ‘চ্যাপেল ডাউন করোনেশন এডিশন’ নামের বিশেষ এ ওয়াইন তৈরি করেছে। এর মোড়কে যুক্তরাজ্যের পতাকার ও আনুষ্ঠানিক অভিষেকের লোগো রয়েছে। ৬৫ পাউন্ড মূল্যের এই বিশেষ ওয়াইন মাত্র দুই হাজার বোতল তৈরি করেছে প্রতিষ্ঠানটি। আর মুনাফার অর্থ যাবে দাতব্য প্রতিষ্ঠানে।  

অন্যদিকে রাজার অভিষেক অনুষ্ঠানের চিহ্ন ধরে রাখতে দাতব্য সংস্থা আরবিএলআই পাঁচ পাউন্ড মূল্যের বিশেষ বাম্পার স্টিকার বিক্রি করছে। এ ছাড়া এই দিনটি উপলক্ষ করে বেশকিছু স্মারক মুদ্রা তৈরি করেছে এই সংস্থাটি। এর মধ্যে রয়েছে একটি ৫০ পেন্সের বিশেষ মুদ্রা। এটি রাজা তৃতীয় চার্লসের মুকুট পরা খোদাইকৃত প্রথম মুদ্রা।

এ ছাড়া ঘোড়ার গাড়িতে চড়ে অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন রাজা তৃতীয় চার্লস। অন্যরাও যেন রাজার মতো করেই ঘোড়ার গাড়িতে চড়ে অনুষ্ঠানে যেতে পারেন, তা নিশ্চিত করতে রাইড শেয়ারিং কোম্পানি উবার আনছে ঘোড়ার গাড়ির বিশেষ যাত্রা। এ ছাড়া রাজার মুকুট দিয়ে সাজানো কেক বিক্রি করবে মার্কস অ্যান্ড স্পেনসার নামের প্রতিষ্ঠানটি।

এ ছাড়া বিশেষ এই দিনকে সামনে রেখে লন্ডনের মাদাম তুসো জাদুঘরে রাজা চার্লসের স্ত্রী এবং কুইন কনসোর্ট ক্যামিলার একটি মোমের মূর্তি উন্মোচন করা হয়েছে। এদিকে অভিষেক অনুষ্ঠানের দিন চার্লস ও ক্যামিলা নামের মানুষদের ১০০ পাউন্ড মূল্যের ভাউচার পুরস্কার হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছে জুয়েলার্স ব্রেভারবুকস।

অন্যদিকে চকলেট ও ক্রাফট প্রস্তুতকারীদের একটি দল ১৭ লিটারের বেশি পরিমাণের গলানো চকলেট দিয়ে রাজা চার্লসের একটি আবক্ষ মূর্তি তৈরি করেছে। এর ওজন ২৩ কেজি।

ইউএইচ/এইচআই