নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০১ মে ২০২৩ ১২:১৫
বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
বিচারক ফাঁসির রায় লিখেই কলমের নিব ভেঙে ফেলেন। শুনতে অবাক লাগলেও এটা আসলেই বাস্তব। ব্রিটিশ আমল থেকেই এই প্রথা চলে এসেছে। কিন্তু মৃত্যুদণ্ডের রায় লিখেই কেন নিব ভেঙে ফেলেন বিচারক, এ বিষয়ে রয়েছে বিশেষজ্ঞ ও দার্শনিকদের নানা ব্যাখ্যা। বিস্তারিত থাকছে বেঙ্গলনিউজ টোয়েন্টিফোরের আজকের প্রতিবেদনে।
প্রথম কারণটি হলো- আদালতের চোখে ঘৃণ্যতম অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এভাবে নিব ভেঙে ফেলার অন্যতম কারণ হলো, এই ধরনের অপরাধ যেন আর না ঘটে। পাশাপাশি মৃত্যুদণ্ডের পরে এক ব্যক্তির জীবন শেষ হয়ে যায়। তাই তার প্রতীক হিসেবেও এই কাজটি করা হয়।
দ্বিতীয় কারণ, বলা হয়ে থাকে, বিচারককেও তার রায়ের বিষণ্ণতা ছুঁয়ে যায়। এতে তিনি ব্যথিত হন। আবার এ রকমও মনে করা হয় যে, বিচারক ‘অপরাধ বোধ’ থেকে পেনের নিব ভেঙে ফেলেন। কারণ, প্রাণ নেওয়ার ক্ষমতা শুধু সৃষ্টিকর্তার আছে বলে মনে করা হয়। তাই বিচারক পেনের নিব ভাঙার মধ্যে দিয়ে বুঝিয়ে দেন যে তিনি শুধু তার পেশাদারি দায়বদ্ধতাটুকুই সারলেন।
তৃতীয়ত, একবার ফাঁসির সাজা ঘোষিত হলে সেই রায়কে আর চ্যালেঞ্জ করা যায় না। তার প্রতীক হিসেবে ওই রায় লেখা হয়েছে যে কলম দিয়ে তাকে ভেঙে ফেলে ওই রায়কেই চূড়ান্ত সিদ্ধান্তের স্বীকৃতি দেওয়া হয়। একমাত্র উচ্চতর আদালত (নিম্নতর আদালত যদি রায় দিয়ে থাকে) কেবল সেই রায়কে পুনর্বিচার করতে পারে। সর্বশেষ ব্যাখ্যায় বলা হয়, যেকোনো মৃত্যুই দুঃখ দেয়, কম বা বেশি। যদিও কখনো কখনো গুরুতর অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের মতো সর্বোচ্চ শাস্তিরও প্রয়োজন হয়। তবুও কলমের নিব ভেঙে ফেলার মাধ্যমে বোঝানো হয়, মৃত্যু একটি দুঃখজনক বিষয়।
ইউএইচ/এইচআই