ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৯ মে ২০২৩ ১১:২০



গুগলের প্রথম ফোল্ডেবল পিক্সেল ফোনে যা যা থাকছে (ভিডিও)

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৯ মে ২০২৩ ১১:২০


ছবি: সংগৃহিত

চলতি মাসের ১০ মে তারিখটি গুগলের প্রযুক্তিপ্রেমীদের জন্য বিশেষ হতে চলেছে। কারণ, এ দিন গুগলের ‘পিক্সেল ফোল্ড’ নামের ফোন উপস্থাপন করা হবে। অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল স্ল্যাপ ডিভাইসের পর ফোল্ডেবল ফোনের প্রতিযোগিতায় নামছে গুগল। অবশেষে তা সত্যি হতে যাচ্ছে। গত বৃহস্পতিবার নিজেদের প্রথম ফোল্ডেবল ফোনের একটি টিজারও প্রকাশ করেছে গুগল। এ নিয়ে বিস্তারিত থাকছে বেঙ্গলনিউজ টোয়েন্টিফোরে আজকের প্রতিবেদনে-

গুগলের পিক্সেল ফোল্ড ফোনের ডিজাইন অনেকটা স্যামসাং গ্যালাক্সি ফোল্ড ফোনের মতো। এই ফোনটির ভাঁজ খুললে সহজেই ট্যাবলেটের আকার নিয়ে নেয়। ফোনটি ফোল্ড করার পর ফ্রন্টে একটি পাঞ্চ-হোল স্টাইলের ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এর চারপাশে খুব সরু বেজেল রয়েছে। আর আনফোল্ড করার পর ফোনটি একটি ট্যাবলেট ডিভাইসের মতো দেখায়। গুগল পিক্সেল ফোনটিতে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য সেকেন্ডারি স্ক্রিনের উপরে ডান দিকে রয়েছে বেজেলে ক্যামেরা লেন্স।

এই ফোনের ব্যাক প্যানেলে উপরের দিকে আনুভূমিক আকারে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। গুগল পিক্সেল ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে তিনটি লেন্সসহ একটি এলইডি লাইট এবং একটি রাউন্ড শেপ স্পিকারও দেওয়া হয়েছে। ফোনের উপরের প্যানেলে ডান পাশে সিম স্লট ও বাম পাশে স্পিকার গ্রিল দেওয়া হয়েছে। এই নতুন ফোনের ডান প্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে।

গুগলের তরফ থেকে ফোনটির লুক শেয়ার করা হলেও এই মুহূর্তে ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য দেওয়া হয়নি। আর ফোনের দাম এখনো প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, গুগল পিক্সেল ফোনটির দাম ১ হাজার ৭০০ ডলার হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৮১ হাজার টাকার কাছাকাছি হবে।

ইউএইচ/এইচআই