ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৪ জুন ২০২৩ ০৮:৩৬



বিশ্বে পরমাণু অস্ত্রের যে মজুত, তা দিয়ে পৃথিবী কয়েকবার ধ্বংস করা সম্ভব

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৪ জুন ২০২৩ ০৮:৩৬


ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

বিশ্বের মোট পরমাণু অস্ত্রভান্ডারের ৯০ শতাংশের মালিক এখন বিশ্বের অন্যাতম দুই পরাশক্তি যুক্তরাষ্ট্রও রাশিয়া। এই দুই দেশ যুদ্ধে ব্যবহার উপযোগী দুই হাজার পরমাণু অস্ত্র প্রস্তুত রেখেছে। পরমানু অস্ত্র মজুতে এর পরের অবস্থানেই রয়েছে চীন। দেশটির কাছে গত বছর ছিলো ৩৫০ টি পরমাণু যুদ্ধাস্ত্র। সেখানে এ বছরের শুরুতে এ সংখ্যা বেড়ে হয়েছে ৪১০। আন্তর্জাতিক নিরাপত্তা ও ভূ-রাজনীতি সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে পরমাণু অস্ত্র প্রতিযোগিতা বাড়ছে। এ কারণে পরমাণু নিরাপত্তাজনিত শঙ্কা বেড়ে যাওয়া নিয়ে সতর্ক করা হয়েছে। এই শঙ্কা আরও গুরুত্ব পেয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধর কারণে। এই যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ও যুক্তরাষ্ট্র মুখোমুখি অবস্থানে চলে যায়। এমন পরিস্থিতিতে আর তথ্যের ভিত্তিতে বিশেষজ্ঞরা শঙ্কা প্রকাশ করে জানান, বিশ্বে যে পরিমাণ পরমাণু অস্ত্র মজুদ আছে, তা দিয়ে গোটা পৃথিবী কয়েকবার ধ্বংস করা সম্ভব।

এ বছরের জানুয়ারি পর্যন্ত বিশ্বের মোট পরমানু অস্ত্র মজুদ ছিল ৯ হাজার ৫৭৬টির মতো । সে হিসেবে গতবছরের তুলনায় এ বছর ৮৬টি বেড়েছে। যুদ্ধের জন্য প্রস্তুত রাখা এসব অস্ত্রের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। প্রতিবেদনটি থেকে আরো জানা যায়, নানা ধরনের পরমাণু অস্ত্র বিবেচনায় নিলে বর্তমানে বিশ্বে মোট ১২ হাজার ৫১২টির মতো যুদ্ধাস্ত্র রয়েছে। 

বিশ্বে যখন ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ছে, ঠিক সে সময়ে বেশ কয়েকটি প্রভাবশালী দেশ, বিশেষ করে চীন পারমাণবিক অস্ত্রভান্ডার আরও সমৃদ্ধ করছে। পাশাপাশি ক্ষমতাধর দেশগুলো তাদের পারমাণবিক অস্ত্রভান্ডার আরও আধুনিক করছে। এ নিয়ে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট গবেষণা চালায়। তাদের একদল গবেষক এই দাবি করেছেন। প্রতিষ্ঠানটির পরিচালক ড্যান স্মিথ বলেন, বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র হ্রাসের দীর্ঘদিনের যে প্রবণতা, তা মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে বা ইতিমধ্যে শেষ হয়ে গেছে।

ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়াও তাদের অস্ত্রের মজুত বাড়াচ্ছে। স্মিথ বলেন, এ গবেষণায় বড় যে বিষয় বেরিয়ে এসেছে, তা হলো গত ৩০ বছরের বেশি সময় ধরে পারমাণবিক অস্ত্রের পরিমাণ কমে আসতে দেখা গেছে। এখন সেই ধারার অবসান হতে চলেছে। কারণ চীন অর্থনীতির পাশাপাশি সামরিক বাহিনীর সব ক্ষেত্রে প্রচুর বিনিয়োগ করেছে। এর ফলে দেশটির প্রভাব বাড়ছে।

এদিকে, যুক্তরাজ্যও ২০২১ সাল থেকে পরমানু যুদ্ধাস্ত্র বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ এশিয়ার ভারত ও পাকিস্তান একইভাবে অস্ত্র প্রতিযোগিতা বাড়ানোর ঘোষণা দিয়ে রেখেছে। উত্তর কোরিয়া তো সামরিক উচ্চাভিলাষকে সব সময়ই সামনের দিকেই রাখে। ইসরায়েল পরমাণু অস্ত্র থাকার কথা স্বীকার না করলেও শোনা যায়, তারা ক্রমান্বয়ে এই অস্ত্রের মজুদ বাড়াচ্ছে।

জেডএস/