ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২০ জুন ২০২৩ ০৫:৩২
ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
বাংলাদেশের
প্রতিবেশি দেশ ভারত। ভ্রমণ, চিকিৎসাসহ নানা কাজে এদেশের মানুষের ভারতে সবচেয়ে বেশি
যায়। আর ভারত যাওয়ার ক্ষেত্রে প্রথমেই আসে রুপি বা ডলার প্রসঙ্গ। সেসব ঝামেলা এড়াতে,
একটি ডেবিট কার্ড নিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। ডলার সাশ্রয়ে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
ওই কার্ড দিয়ে ভারত ভ্রমণের সময় রুপিতে খরচ করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
গতকাল নতুন
মুদ্রানীতি ঘোষণার সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার জানিয়েছেন, টাকার
একটি পে-কার্ড চালু করা হয়েছে। এটাকে ভারতের রুপির সঙ্গে যুক্ত করে দেওয়া হবে। এই কার্ড
ব্যবহার করে দেশের ভেতরে কেনাকাটা করা যাবে। আবার কেউ ভারতে গেলে ভ্রমণকারীর ১২ হাজার
ডলারের যে ভ্রমণ কোটা আছে, সেই পরিমাণ অর্থ তিনি রুপিতে কেনাকাটা করতে পারবেন। অর্থাৎ
ভ্রমণে টাকার পে-কার্ড নিলে দুইবার মানি চেঞ্জ করতে হবে না। ফলে মুদ্রার বিনিময়ের কারণে
যে ক্ষতি হতো, সেটা আর হবে না। এতে ৬ শতাংশের মতো অপচয় কমবে।
বাংলাদেশ
থেকে ভারতে অনেক বেশি মানুষ ভ্রমণে যান, সেহেতু রুপিতে ব্যবহারযোগ্য নতুন ডেবিট কার্ড
ভারতে ডলারের ব্যবহার কমাবে এবং একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ডেবিট কার্ড ব্যবহার
করে ব্যবহারকারীরা বিনিময় হারজনিত ক্ষতি থেকে রেহাই পাবেন। ভারতের পর বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে
গিয়ে বেশি খরচ করেন বলে দেখা গেছে। মার্চ মাসে যুক্তরাষ্ট্রে গিয়ে ক্রেডিট কার্ডের
মাধ্যমে বাংলাদেশিরা ব্যয় করেছেন প্রায় ৫১ কোটি টাকা। থাইল্যান্ডে গিয়ে খরচ করেছেন
৪২ কোটি টাকা। এরপর দুবাই ও সিঙ্গাপুরে ৪১ ও ৩৪ কোটি টাকা ক্রেডিট কার্ডের মাধ্যমে
বাংলাদেশিরা ব্যয় করেছেন।
সব মিলিয়ে
মার্চ মাসে দেশের বাইরে গিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিরা ব্যয় করেছেন মোট
৪২৬ কোটি টাকা। এদিকে সম্প্রতি এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয়
ভার্মা জানান, গত বছর বাংলাদেশিদের জন্য ১৫ লাখের বেশি ভারতীয় ভিসা দেওয়া হয়েছিল, যা
ভিসা দেওয়ার ক্ষেত্রে সারা বিশ্বে রেকর্ড।
জেডএস/