ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২০ জুন ২০২৩ ০৫:৩৬
ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
অভিনেত্রী তারিন জাহান। দেশীয় শোবিজের
জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও গায়িকা। ১৯৮৫ সালে জাতীয় সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ ‘নতুন
কুঁড়ি’ তে অভিনয়, নাচ এবং গল্প বলাতে প্রথম হয়ে শিশু শিল্পী হিসাবে ছোট পর্দায় কাজ
শুরু করেন এই অভিনেত্রী।
ছোট বেলা থেকেই সাংস্কৃতিক শিক্ষায়
দীক্ষিত হয়ে বেড়ে উঠেছে তারিন। ‘সকাল সন্ধ্যা’
ধারাবাহিক নাটকে প্রথম শিশু চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর তিনি ১৯৮৮ সালে শহীদুল্লাহ
কায়সারের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক ‘সংসপ্তক’ এ শিশু চরিত্রে
অভিনয় করেন।
ছোট বেলা থেকেই গানের মিউজিকে নেচে
উঠতেন তিনি। নাচের প্রতি তার এই আগ্রহ দেখে মা তাহমিনা বেগম সাড়ে তিন বছরের তারিনকে
ভর্তি করিয়ে দেন তপন দাস গুপ্তার কাছে। ১৯৮২ সালে তিনি নাচ শেখা শুরু করেন। ১৯৮৪ সালে
তিনি প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি নৃত্য পরিবেশন করেন। সেসম নামকরা কয়েকটি পত্রিকায়
সেই অনুষ্ঠানের ছবিও প্রকাশিত হয়। ধীরে ধীরে কুমিল্লায় তিনি পরিচিতি পান। সরকারি বিভিন্ন
অনুষ্ঠান হলেই ডাক পরতো শিশু শিল্পী তারিনের।
পাশাপাশি তিনি ওস্তাদ হাসান ইকরাম উল্লাহ্-এর
কাছে শাস্ত্রীয় সংগীতে তালিম নেন। তারিন ২০১১ সালের ঈদ উল আযহায় "আকাশ দেব কাকে"
শিরোনামে প্রথম একক এলবাম বের করেন। "স্বপ্ন গুলো জোনাক পোকার মতো" নাটকের
শিরোনাম গান গেয়েছিলেন তিনি । এমনকি দারুন মিমিক্রি করতে পারেন তারিন। ফলে দুইটি ভারতীয়
বাংলা চলচ্চিত্রে প্রিয়াংকা ত্রিবেদী এবং প্রিয়াংকা ব্যানার্জীর হয়ে কন্ঠ দিয়েছিলেন। একটি বাংলা চলচ্চিত্রে অভিনেত্রী শাবনুরের জন্যও কন্ঠ দেন এই প্রতিভাবান অভিনেত্রী।
নাটকের পাশাপাশি টেলিফিল্ম ও সিনেমাতেও
অভিনয় করেছেন তারিন । ১৯৮৮ সালে
বাদল রহমানের পরিচালনায় ‘কাঠাল বুড়ির বাগান’ নামে শিশুতোষ একটি চলচ্চিত্রে শিউলী চরিত্রে
অভিনয় করেছিলেন তারিন।মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত হৃদি হকের ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমাতেও
অভিনয় করেন তিনি। পরবর্তীতে সজল খালেদের পরিচালনায় ‘কাজলের দিন রাত্রি’ সিনেমায় অভিনয়
করেন। পাশাপাশি ভারতের কলকাতার “এটা আমাদের গল্প” সিনেমাটিতে অভিনয় করেছেন তিনি।
কাজলের দিনরাত্রি ২০১৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হয়। তার সাবলীল অভিনয়শৈলী মুগ্ধ করেছে এদেশের
অগণিত দর্শককে।
জেডএস/