ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২০ জুন ২০২৩ ০৬:০৯



সব নদীর পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২০ জুন ২০২৩ ০৬:০৯


উজানে ভারী বৃষ্টির কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি দ্রুতগতিতে বাড়ছে। এই গতি অব্যাহত থাকলে দ্রুত বেশ কিছু নদীর পানি বিপদসীমার ওপরে উঠে যাবে। এতে কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা প্রকাশ করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে আগামী দুই দিন প্রায় সারা দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, পদ্মা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। উজানে ও দেশের অভ্যন্তরে ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে।

আগামী ৪৮ ঘণ্টায় দেশের উজানে ও উত্তর পূর্বাঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার ফলে এ অঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার অববাহিকা ও তার কাছাকাছি উজানে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। যার ফলে, এ সময় এ নদীগুলোর পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে।

এদিকে, লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। মঙ্গলবার সকালে ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচে ও দুপুরে পানি ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমে যাওয়ায় বাড়িঘর থেকে পানি নামতে শুরু করেছে।

জেডএস/