ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২২ জুন ২০২৩ ০৬:১১



টাইটানে অক্সিজেন ফুরিয়ে আসছে

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২২ জুন ২০২৩ ০৬:১১


অক্সিজেন প্রায় শেষ, তবে এখনো হদিস মেলেনি আটলান্টিকে নিখোঁজ সাবমেরিন টাইটানের। ধারণা করা হচ্ছে, ডুবোজাহাজটিতে এখন ৭ ঘণ্টারও কম অক্সিজেন মজুত আছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোররাতের ১০.০০ জিএমটির পর টাইটানের আরোহীদের নিঃশ্বাস নেওয়ার মতো আর কোনো অক্সিজেন যানটিতে থাকবে না বলে জানিয়েছে পর্যটন সংস্থা ওশেনগেইট।

এর আগে হারিয়ে যাওয়া এলাকা থেকে শব্দতরঙ্গের মাধ্যমে আওয়াজ শোনার কথা জানায় মার্কিন কোস্ট গার্ড। কোস্ট গার্ডের ক্যাপ্টেন জেমি ফ্রেডরিক জানান, এসব শব্দের উৎস কী তারা এখনো জানতে পারেননি, কিন্তু উদ্ধারকর্মীদের দলগুলো শব্দের উৎসের খোঁজে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। যদিও এরপর থেকে জোরালো করা হয় তল্লাশি। বাড়ানো হয় অভিযানের আওতা। একটি এইচসি-১৩০ হারকিউলিস ফ্লাইট ১৪শ’ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি চালাচ্ছে।

এ পরিস্থিতিতে উত্তর আটলান্টিক মহাসাগরের প্রায় ২৬ হাজার বর্গকিলোমিটারজুড়ে ও পানির আড়াই মাইল গভীরতা পর্যন্ত ডুবোযানটির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে বিবিসি জানিয়েছে। নতুন করে অভিযানে যুক্ত হয়েছে একাধিক জাহাজ, কানাডার কয়েকটি বিমান ও রোবটের মাধ্যমে পরিচালিত ছোট ছোট নৌযান।

গত রোববার টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ হয় পর্যটকবাহী ডুবোযান টাইটান। কানাডার নিউফাউন্ডল্যান্ডের সেন্ট জোনস উপকূল থেকে রওনা দিয়েছিল টাইটান। সাগরের গভীরে ডুব দেয়ার পৌনে দুই ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণকারী জাহাজের সাথে সংযোগ হারিয়ে ফেলে। আরোহীদের মধ্যে আছেন ব্রিটিশ ধনকুবের হামিশ হারডিং, পাকিস্তানি ব্যবসায়ী শাহাজাদা দাউদ ও তার ছেলে সুলেমান এবং ওশেনগেটর প্রধান নির্বাহী স্টকটোন রুশ, অপরজন ফরাসি নাবিক পল হেনরি।

জেডএস/এইচআই