ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০১ জুলাই ২০২৩ ০৫:০৩
ছবি : সংগৃহীত
ব্যস্ততার
মাঝে একটুখানি অবকাশ যাপনের জন্য ভ্রমণের বিকল্প নেই। বিভিন্ন দার্শনিকের মতে, ভ্রমণ
হচ্ছে পৃথিবীর একটি শিক্ষা, যার পেছনে অর্থ ব্যয় করে মানুষ কখনও গরিব হয় না। বাংলাদেশি
পাসপোর্টধারীরা চাইলেই বিশ্বের যেকোনো জায়গায় যেকোনো সময় ভিসা ছাড়া যেতে পারেন না।
তবে ভিসা ছাড়াই অনেকগুলো দেশে যেতে পারেন বাংলাদেশিরা। এরমধ্যে কয়েকটি তুলে ধরা হলো।
ভিসা ছাড়া
যাওয়ার তালিকায় প্রথমেই রয়েছে ভূটান। দেশটি মূলত 'সুখের রাজ্য' হিসেবে পরিচিত। হিমালয়ের
কেন্দ্রে অবস্থিত দেশটিতে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য ও সাংস্কৃতিক ঐতিহ্য দিয়ে ভ্রমণকারীদের
মুগ্ধ করে। এখানে তুষারে আবৃত পাহাড়, বিশাল উপত্যকা ও প্রাচীন বৌদ্ধ মন্দির দেখা যাবে।
তালিকায়
দ্বিতীয় স্থানে রয়েছে গ্রীষ্মমণ্ডলীয় স্বর্গ হিসেবে পরিচিতি মালদ্বীপ। দেশটির দ্বীপগুলোতে
বিলাসবহুল হোটেল ও রিসোর্ট আছে। যেখানে পর্যটকরা সব ধরনের অভিজ্ঞতাই নিতে পারবেন। বাংলাদেশিদের
জন্য দেশটিতে অন অ্যারাইভাল ভিসার ব্যবস্থা আছে।
অন্যদিকে
এশিয়া ও ইউরোপের সংযোগস্থল তুরস্ক। প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতিতে ভরপুর একটি দেশ এটি।
পর্যটকরা এখানে অত্যন্ত সুস্বাদু খাবার ও সাগরের নির্মল পরিবেশ উপভোগ করতে পারবেন।
তবে তুরস্ক ভ্রমণের জন্য আগেই বাংলাদেশিদের ই-ভিসার আবেদন করতে হবে।
এরপর রয়েছে
বিশ্বের সবচেয়ে স্বচ্ছ পানির মধ্যে অন্যতম দেশ বাহামাস। সমুদ্র সৈকত, প্রবাল প্রাচীর
ও বায়ুমণ্ডলের কারণে পর্যটকরা বাহামাস দীপপুঞ্জে ঘুরতে যান। এই দীপপুঞ্জের পর্যটকরা
ডলফিনের সঙ্গে সাঁতার কাটার অভিজ্ঞতা পেতে পারেন। বাংলাদেশিরা যেকোনো ধরনের ভিসা ছাড়াই
এখানে ভ্রমণ করতে পারবেন।
এরপরের দেশটি
উজবেকিস্তান। প্রাকৃতিক সৌন্দর্যের তুলনায় ভ্রমণ গন্তব্য হিসেবে দেশটির জনপ্রিয়তা অনেকটাই
কম। এখানের বুখরা ও খিভা শহরে প্রচুর ঐতিহাসিক মসজিদ, সূক্ষ্ম কারুকাজযুক্ত টাইলওয়ার্ক
ও চমৎকার প্রাসাদ রয়েছে। উজবেকিস্তানে ভ্রমণের আগে বাংলাদেশিদের ই-ভিসার প্রয়োজন হবে।
দক্ষিণ আমেরিকার
ঐতিহ্যবাহী সংস্কৃতি, দৃষ্টিনন্দন দৃশ্য ও ঐতিহাসিক স্থান রয়েছে বলিভিয়ায়। বিশাল আন্দিজ
পর্বতমালা, আমাজন বনের বিশাল অংশ ও আতাকামা মরুভূমি- সবকিছুই দেখা যাবে দেশটিতে। আর
এখানে ভ্রমণের জন্য বাংলাদেশিদের অন অ্যারাইভাল ভিসা দেওয়া হয়।
এদিকে সাহারা
মরুভূমির সৌন্দর্য উপভোগ করতে পারবেন মৌরিতানিয়ায়। ঐতিহ্যবাহী প্রাচীন সংস্কৃতিতে পরিপূর্ণ
এই দেশটি বিশ্বজুড়ে পর্যটকদের আকৃষ্ট করে। বাংলাদেশিরা এখানে ভ্রমণে গেলে অন অ্যারাইভাল
ভিসা পাবেন।
সবশেষ জ্যামাইকা।
রন্ধনশৈলী ও রাস্তায় গ্রাফিতির সন্ধান পাওয়া যাবে এখানে। ডানস জলপ্রপাত থেকে ব্লু
মাউন্টেইনসহ অনন্য প্রাকৃতিক সৌন্দর্য্যের আধার জ্যামাইকা। দেশটিতে ভ্রমণের জন্য বাংলাদেশিদের
ভিসার কোনো প্রযোজন নেই।
জেডএস/