ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৩ জুলাই ২০২৩ ০৫:০৪
ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
দেশে এখন
মৌসুমি বায়ুর প্রবল প্রভাব বিরাজ করছে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক
জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের থেমে থেমে বৃষ্টি হচ্ছে,
যা চলতি সপ্তাহজুড়ে থাকবে। জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা
হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট
বিভাগের অধিকাংশ জায়গায়ও থেমে থেমে বৃষ্টি চলতে থাকবে। আকাশও মেঘলা রয়েছে।
সেই সঙ্গে
দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পূর্বাভাসে আরও
জানানো হয়, আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে এবং পরবর্তী ৫ দিন বৃষ্টিপাতের
প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
এদিকে, সুনামগঞ্জে
নদ নদীর পানি আরো কিছু বেড়েছে। সোমবার সকালে সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর
পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ পয়েন্টসহ ছাতক পয়েন্ট
এবং পুরাতন সুরমা নদীর পানিও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত ২৪ ঘণ্টায়
জেলায় ১৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। নিম্নাঞ্চলের গ্রামগুলোর নিচু রাস্তাঘাট প্লাবিত
হয়েছে। তবে রবিবার সুনামগঞ্জ শহরের কাজির পয়েন্ট, নতুপাড়া, বাজার এলাকাসহ কয়েকটি এলাকায়
পানি ওঠার পর বিকেলেই নেমে গেছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সবধরনের প্রস্তুতি থাকলেও
এখনো আশ্রয় কেন্দ্র খোলার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানিয়েছে,জেলা প্রশাসন।
পানি উন্নয়ন
বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের আশঙ্কা, আগামী ২৪ ঘণ্টায় তিস্তার ডালিয়া
পয়েন্টে পানির সমতল বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে লালমনিরহাট ও নীলফামারী জেলার
নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
জেডএস/