সালাহউদ্দিন শুভ, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৯ জুলাই ২০২৩ ১০:১৮
ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
মৌলভীবাজার
শ্রীমঙ্গল থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায়
উদ্বুদ্ধ হয়ে থানা কম্পাউন্ডের ভেতর বিভিন্ন জাতের শাক-সবজি, ফল-ফুল ও মাছের চাষ করে
তাক লাগিয়ে দিয়েছেন। কম্পাউন্ডের ভেতর অবস্থিত থানা কমপ্লেক্স, স্টাফ কোয়ার্টার ছাড়া
পতিত জমিতে ১৫ প্রকারের শাক-সবজি, ১০ প্রকারের ফল, ১০ প্রকারের ফুল ও পুকুরে মাছের
চাষ করেছেন।
সরেজমিন
দেখা যায়, থানা কমপ্লেক্সের সামনে পায়ে চলা পাকা রাস্তার (ওয়াক ওয়ে) দুই ধারে ও মাঠে
পরিকল্পিতভাবে চালকুমড়া, ধনিয়া পাতা, বেগুন, ডাঁটা, কাঁচা মরিচ, পাট শাক, কলমি শাক,
পুঁই শাক, পালং শাক, ঢেঁড়স, পেঁপে, সিম, ঝিঙ্গা চাষ করা হয়েছে। শাক-সবজির পাশাপাশি
রঙ্গন,নয়নতারা, বেলি, জবা,গাঁদাফুলের সৌন্দর্য মন কেড়ে নেয়।
কম্পাউন্ডের
দেয়াল ঘেঁষে, থানা কমপ্লেক্সের পশ্চিম দিকে ও পেছনে, স্টাফ কোয়ার্টারের সামনে-পেছনে
যত্ন করে লাগানো হয়েছে বিভিন্ন ধরনের ফলের গাছ। ফল গাছের মাঝে মাঝে লাগানো হয়েছে বকুল,
গোলাপ, বেলি, গন্ধরাজ, হাসনাহেনা ও রজনীগন্ধা ফুলের চারা। ফল-ফুলের গাছে গাছে পাখির
কিচিরমিচির পরিবেশটাকে প্রাণবন্ত করে তুলেছে।
পুকুরে রুই,
কাতলা, মৃগেলসহ দেশি প্রজাতির মাছের চাষ করা হয়েছে। তীরে লাগানো হয়েছে, মিষ্টিকুমড়া,
কাঁচকলা, লেবু ও শসা।
জানা যায়,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে শাক-সবজি উৎপাদন করে দেশবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন
এবং তিনি কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য দেশবাসীকে পতিত জমিতে শাক-সবজি চাষ করার আহ্বান
করেছেন। এতে উদ্বুদ্ধ হয়ে শ্রীমঙ্গল থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার থানা কম্পাউন্ডের
ভেতর শাক-সবজি, ফল-ফুলের চাষ করেন।
একজন শ্রমিক
চাষাবাদে সার্বক্ষণিক নিয়োজিত থাকলেও ওসি জাহাঙ্গীর হোসেন নিজেও ডিউটির ফাঁকে ফাঁকে
পরিচর্যা করেন।
শ্রীমঙ্গল
থানার ওসি বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে শাক-সবজির চাষ করে অনন্য
দৃষ্টান্ত স্থাপন করেছেন। সম্ভবত বিশ্বের অন্য কোনো রাষ্ট্রনায়ক এমন দৃষ্টান্ত স্থাপন
করতে পারেননি। তিনি শুধু নিজে উৎপাদন করেননি, বাড়ির উঠানে এক ইঞ্চি পতিত জমি থাকলেও
শাক-সবজির চাষ করতে আহ্বান জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টান্ত ও আহ্বান আমাকে
দারুণভাবে উদ্বুদ্ধ করেছে। এখানে উৎপাদিত শাক-সবজি, পুকুরের মাছ আমিও খাই, স্টাফদেরও
দিই।'
আরকে/