ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৪ জুলাই ২০২৩ ১২:০৭



বছর বছর আকারে বাড়ে ‘জীবন্ত পাথর’

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৪ জুলাই ২০২৩ ১২:০৭


ইউরোপের দেশ রোমানিয়ার কসটেস্টি নামের একটি ছোট গ্রামে ছড়িয়ে রয়েছে অসংখ্য ‘জীবন্ত পাথর’। যেগুলোর এক একটির বয়স নাকি ৬০ লক্ষ বছর। এর কোনোটি এতটাই ছোট যে, হাতের মুঠোয় বন্দি করা যায়। কোনটি আবার উচ্চতায় সাড়ে ৪ মিটার। দেখতে যেন পাথুরে বুদবুদ। স্থানীয়দের দাবি, বুদবুদের মতো দেখতে এই পাথরগুলো প্রতি হাজার বছরে সর্বোচ্চ ২ ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পায়। আবার অনেকের দাবি, পাথরগুলো প্রতি ১২০০ বছরে ৪-৫ সেন্টিমিটার বৃদ্ধি পায়।

রোমানিয়ার এই পাথরগুলোর নাম রয়েছে। এদেরকে ‘ট্রোভ্যান্ট’ নামে ডাকা হয়। জিয়োলজিক্যাল ইনস্টিটিউট অফ রোমানিয়ার সঙ্গে যুক্ত মিরসিয়া টিকলিয়ানু জানান, রোমানিয়ায় নানা বয়সের ট্রোভ্যান্ট রয়েছে। মাটি থেকে এগুলির উৎপত্তি হয়নি। প্রাকৃতিক কারণে বিভিন্ন ভৌগোলিক সময় এগুলি তৈরি হয়েছে। রোমানিয়ার ভৌগোলিক সাহিত্যে সর্বপ্রথম ‘ট্রোভ্যান্ট’ শব্দের ব্যবহার দেখা গিয়েছিল।

প্রায় গোলাকার বা অর্ধবৃত্তাকার এই ট্রোভ্যান্টগুলি আসলে বালুকণার আস্তরণে ঢাকা বেলেপাথর। যা পাথরের উপরে ঢাকনার মতো আস্তরণ তৈরি করেছে। বিজ্ঞানীদের দাবি, প্রায় ৬০ লক্ষ বছর আগে ভূমিকম্পের জেরে ট্রোভ্যান্টগুলি তৈরি হয়েছিল। বছরের পর বছর ধরে তার উপর বালি, পাথরের আস্তরণ জমা পড়েছে। সেগুলোকে আঠার মতো জুড়ে রেখেছে চুনাপাথরের আস্তরণ।

বিজ্ঞানিদের দাবি, শত সহস্র বছর ধরে ভারী বৃষ্টির জেরে ট্রোভ্যান্টের উপরিভাগের আস্তরণ ভেদ করে জল ঢুকে গিয়েছে। ধীরে ধীরে তা পাথরগুলির উপরে জমা হতে শুরু করেছে। যদিও এই প্রক্রিয়াটি ঠিক কী ভাবে হয়, তা জানাননি তারা। বিশেষজ্ঞদের মতে, বৃষ্টির জলে থাকা খনিজ পদার্থের সঙ্গে বিক্রিয়ায় ট্রোভ্যান্টের ভিতর অত্যধিক চাপ তৈরি হয়। যার জেরে পাথরগুলো ফুলেফেঁপে বহু গুণ হয়ে ওঠে। যেন সেগুলোর বৃদ্ধি হয়েছে।

পাথরগুলিকে কাটার পর এর মধ্যে গাছের গুঁড়ির মতো বৃত্তাকার রিং দেখা গিয়েছে। সেগুলোর প্রতিটিই পাথরগুলোর বয়স জানান দেয়। সময়ের সঙ্গে সঙ্গে ট্রোভ্যান্টগুলির চেহারায় বদল দেখা গিয়েছে। পাথরগুলোকে সে অর্থে ‘জীবন্ত’ বলা যায় না। তবে স্থানীয় বা পর্যটকেরা এগুলিকে ‘জীবন্ত’ বলেই বর্ণনা দেন।

জেডএস/