ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৫ জুলাই ২০২৩ ০৯:১০



আবদুল্লাহ আবু সায়ীদ এর ৮৪তম জন্মদিন আজ

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৫ জুলাই ২০২৩ ০৯:১০


আবদুল্লাহ আবু সায়ীদ। একজন শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজসংস্কারক। বিশ্বসাহিত্য কেন্দ্র তার এক অনন্য সৃষ্টি। যা ৪০ বছর ধরে বাংলাদেশে আলোকিত মানুষ গড়ার কাজে নিয়োজিত রয়েছে। সমালোচক ও সুবক্তা হিসেবে পরিচিত এই মানুষটির আজ ৮৪তম জন্মদিন।

১৯৩৯ সালের ২৫ জুলাই পশ্চিমবঙ্গের কলকাতার পার্ক সার্কাসে তার জন্ম। যদিও তার পৈতৃক নিবাস বাগেরহাটের কচুয়া উপজেলার কামারগাতি গ্রামে। তার বাবা আযীমউদ্দীন আহমদ ছিলেন, মুন্সীগঞ্জ কলেজের অধ্যক্ষ। আবদুল্লাহ্ আবু সায়ীদ খুব অল্প বয়সে মাকে হারান। তিনি ছিলেন ভাইবোনদের মধ্যে তৃতীয়। এ কারণে তার জীবনে পিতার প্রভাব সুস্পষ্ট।

শিক্ষকতা জীবনও খুবই বর্ণাঢ্য আবদুল্লাহ আবু সায়ীদের। ১৯৬২ সাল থেকে ১৯৯২ পর্যন্ত তিরিশ বছর- তিনি অধ্যাপনা করেছেন। ১৯৬১ সালে প্রথম শিক্ষকতায় যোগদান করেন মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজে। তখন  বয়স বাইশ।  এরপর সিলেট মহিলা কলেজে যোগ দেন। তবে সেখানে তিনি বেশিদিন ছিলেন না।

এরপর রাজশাহী কলেজে। রাজশাহী কলেজে পাঁচ মাস শিক্ষকতা করার পর তিনি যোগ দেন ঢাকার ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজে। একই সময় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগেও তিনি খন্ডকালীন শিক্ষক হিসাবে বাংলা পড়িয়েছেন। ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবেও দায়িত্ব পালন করেন। এরপর ঢাকা কলেজে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সুযোগ পেয়েও ঢাকা কলেজ ছেড়ে যাননি।

ষাটের দশকে বাংলাদেশে যে নতুন ধারার সাহিত্য আন্দোলন হয়, তিনি ছিলেন তার নেতৃত্বে। কিছুকাল তিনি বাংলাদেশে টেলিভিশনে উপস্থাপনাও করেন। বিশ্বসাহিত্য কেন্দ্র তার এক অনন্য সৃষ্টি। এর জন্ম ১৯৭৮ সালে। প্রথমদিকে তার তত্ত্বাবধানে মাত্র পঁচিশ জন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বিশ্বের মহান সাহিত্যকর্মগুলো পাঠ ও তার ওপর আলোচনা করা শুরু করে। ধীরে ধীরে এই পাঠচক্রে স্কুল-কলেজ ও সাধারণ মানুষদের অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে বিশ্বসাহিত্য কেন্দ্রের আলো প্রায় সারা দেশজুড়ে বিস্তৃত।

বিভিন্ন ক্ষেত্রে অনবদ্য অবদানে, শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ পেয়েছেন বেশ কটি পুরস্কার। ২০০৪ সালে তিনি রামোন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন। অ-প্রাতিষ্ঠানিক শিক্ষা বিস্তারে অবদানের জন্য ২০০৫ সালে পেয়েছেন একুশে পদক। ২০১২ সালে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার।

বিভিন্ন সভা সেমিনারে আবদুল্লাহ আবু সায়ীদের অনুপ্রেরণামূলক বক্তব্যর জন্য বেশ আলোচনায় থাকেন মানুষটি। তার একটি উক্তি ঘুরে ফিরেই শোনা যায়, সেটি হলো মানুষ তার স্বপ্নের সমান বড়।

জেডএস/