সিরাজগঞ্জ সংবাদদাতা

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১১ আগস্ট ২০২৩ ১০:১৬



স্মার্ট জনপদে পরিণত হচ্ছে কাজিপুর উপজেলা

সিরাজগঞ্জ সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১১ আগস্ট ২০২৩ ১০:১৬

স্মার্ট জনপদে পরিণত হচ্ছে কাজিপুর উপজেলা

ছবি: সিরাজগঞ্জ সংবাদদাতা

কাজিপুর উপজেলা প্রশাসনের উদ্ভাবনী উদ্যোগ “স্মার্ট কাজিপুর” প্রকল্পের অংশ হিসেবে আজ শুক্রবার (১১ আগস্ট ২০২৩) ‘কাজিপুর সদর ইউনিয়ন জয় বাংলা স্মার্ট সেন্টার’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘কাজিপুর সদর ইউনিয়ন জয় বাংলা স্মার্ট সেন্টার’ এর শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান সিরাজী, কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার, কাজিপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শাপলা খাতুন, কাজিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মো. বাবলু,  কাজিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান বিপ্লব।

উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব কাজী মো. অনিক ইসলাম এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সুখময় সরকার। এতে স্থানীয় সুধীসমাজের প্রতিনিধিবৃন্দ, ছাত্র ছাত্রীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে www.smartkazipur.info ওয়েবসাইটের মাধ্যমে ও ইউনিয়ন পর্যায়ে জয় বাংলা স্মার্ট সেন্টার স্থাপনের মাধ্যমে যমুনার চরাঞ্চলে স্মার্ট জনপদে পরিণত হচ্ছে কাজিপুর উপজেলা। প্রতিটি জয় বাংলা ইউনিয়ন স্মার্ট সেন্টারে রয়েছে- ১০০টি বই সংবলিত মিনি লাইব্রেরী, বই পড়ার জন্য একটি টেবিল ও ৬টি চেয়ার, ইন্টারনেট সংযোগ ও ভিডিও কনফারেন্সিং সুবিধাসহ একটি ডেক্সটপ কম্পিউটার, ফ্রি ওয়াই ফাই জোন, বঙ্গবন্ধু কর্ণার, মুক্তিযুদ্ধ কর্ণার, উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ কর্ণার।

স্মার্ট কাজিপুর প্রকল্পের অন্যতম একটি নাগরিক সুবিধা ‘বন্ধন (Meet the officers virtually)’। এই সুবিধা গ্রহণ করে নাগরিকগন তাদের সমস্যার বিষয়ে কাজিপুর উপজেলার সরকারি কর্মকর্তাগণের সঙ্গে বাংলাদেশের যেকোন প্রান্ত হতে ভিডিও কনফারেন্সিং করতে পারবেন। এজন্য আগ্রহী সেবাগ্রহীতাকে www.smartkazipur.info ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন ও সময় নির্ধারণ করতে হবে। সেবাপ্রার্থী তার সুবিধামত যেকোন ল্যাপটপ কিংবা ডিজিটাল মোবাইল হতে ভিডিও কনফারেন্সিং এ যুক্ত হতে পারবেন। যার ল্যাপটপ কিংবা ডিজিটাল মোবাইল নেই তিনি তার নিকটবর্তী জয় বাংলা ইউনিয়ন স্মার্ট সেন্টারে সংরক্ষিত কম্পিউটার হতে যুক্ত হতে পারবেন।

জয় বাংলা ইউনিয়ন স্মার্ট সেন্টারে রয়েছে সংরক্ষিত কম্পিউটারে ভিডিও কনফারেন্সিং সুবিধা। ডিজিটাল বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'দেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ পরিণত করার প্রধান হাতিয়ার হবে ডিজিটাল সংযোগ। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজের জন্য ডিজিটাল সংযোগ মূল ভিত্তি হিসেবে কাজ করবে।’ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় উপজেলা প্রশাসন, কাজিপুর, সিরাজগঞ্জের একটি ইনোভেটিভ উদ্যোগ “স্মার্ট কাজিপুর”।

এ উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক স্মার্ট নাগরিক ও স্মার্ট সমাজ গঠনে প্রতিটি ইউনিয়নে জয় বাংলা ইউনিয়ন স্মার্ট সেন্টার স্থাপন করা হচ্ছে। স্মার্ট সরকার প্রতিষ্ঠায় সরকারি সেবা সহজীকরণে টাইম, কস্ট ও ভিজিট কমানোর অভিপ্রায়ে ‘বন্ধন ভিডিও কনফারেন্সিং’ এর মাধ্যমে নাগরিকগণের দোড়গড়ায় জনসেবায় জনপ্রশাসন নিশ্চিত করা হচ্ছে।

পাশাপাশি প্রযুক্তিতে দক্ষ জনবল গঠনে আউটসোর্সিং ট্রেনিং প্রদান করে দুর্গম চরাঞ্চলে দক্ষ জনবল গঠনের উদ্যোগ নেয়া হয়েছে যার মাধ্যমে স্মার্ট অর্থনীতি নিশ্চিত হবে। এভাবেই স্মার্ট জনপদে পরিণত হচ্ছে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলা।  

জিএম/