নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৪ আগস্ট ২০২৩ ০৮:৫৫
ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
পিরোজপুরের
নাজিরপুরের শ্রীরামকাঠী ইউনিয়নের কাইলানী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর এক
শিক্ষার্থীকে (১৪) যৌন হয়রানির দায়ে ওই বিদ্যালয়ের শিক্ষক রবি শংকর ঢালীকে (৪০) সাময়িক
বরখাস্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার
(২৪ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের এক সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত
করা হয়। বরখাস্তকৃত ওই শিক্ষক শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামের সুনিল চন্দ্র ঢালীর
পুত্র ও বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক।
বিদ্যালয়ের
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল কান্তি হালদার জানান, বিদ্যালয়ের সাধারন শিক্ষার্থী অভিভাবকদের দাবির মুখে ম্যানেজিং
কমিটির সভাপতি ও সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষক রবি শংকর ঢালী কে সাময়িক বরখাস্ত করা হয়। এর আগে
রবি শংকর ঢালীকে ঐ শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিলো।
বিদ্যালয়ের
একাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরাসহ ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবকরা জানান, ওই শিক্ষক বিদ্যালয়ের নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে
প্রমের প্রস্তাব দিয়ে দীর্ঘ দিন ধরে উত্যক্ত করতেন। এমন কি তার ফোনে যৌন হয়রানিমুলক ক্ষুদে বার্তা দিতেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিসহ প্রধান শিক্ষকের কাছে অভিযোগ দেন।
এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সন্তোষ কুমার সমদ্দার জানান, এর আগে ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে স্থানীয় শিক্ষার্থী অভিভাবকদের দাবীর মুখে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অভিযুক্ত শিক্ষক রবি শংকর ঢালী জানান, তিনি ওই খুদে বার্তার সঙ্গে জড়িত নয়। তাকে হয়রানী করতে এমন অভিযোগ দেওয়া হয়েছে।
জেডএস/