ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৭ নভেম্বর ২০২৪ ০৫:৪৪
ছবি: সংগৃহীত
অতি বৃষ্টি ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে এবার খুলনার অনেক কৃষক শীতকালীন সবজি চাষে সমস্যায় পড়েছেন। যদিও প্রাকৃতিক প্রতিকূলতা কিছুটা কাটিয়ে কৃষকরা এখন নতুন উদ্যমে মাঠে নেমেছেন।
ডুমুরিয়া উপজেলার শোভনার মলমলিয়া গ্রামের কৃষক কামাল বাওয়ালি জানান, তিনি তিন বিঘা জমিতে টমেটো এবং ২১ শতক জমিতে লাল শাক চাষ করেছেন। ইতোমধ্যে তিনি বাজারে শাকসবজি বিক্রি শুরু করেছেন। তবে জলাবদ্ধতার কারণে অন্যান্য কৃষকরা কিছুটা পিছিয়ে পড়েছেন। গুটুদিয়া এলাকার কৃষক কৃষ্ণপদ বলেন, উঁচু জমিতে তিনি লাল শাক ও মুলা চাষ করেছেন।
এদিকে, কয়রার পুকুরপাড় এলাকার কৃষক কৃষ্ণ সরদার বলেন, তিনি এখন বেগুন ও টমেটো চাষে ব্যস্ত। ভালো ফলন পাওয়ায় শীঘ্রই বাজারে সবজি বিক্রি শুরু করবেন।
লবণচরা এলাকার চাষি নমিতা জানান, আগাম শীতকালীন সবজি তুললে ভালো দাম পাওয়া যায়। উঁচু জমি থাকার কারণে তার জমিতে পানি জমেনি, তাই তিনি চাষ শুরু করেছিলেন আগেই।
জেলার কৃষি কর্মকর্তারা জানান, এবার খুলনায় শীতকালীন সবজির চাষ লক্ষ্যমাত্রা অনুযায়ী এগোচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন বলেন, জেলার কৃষকরা পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে চাষে উৎসাহী হচ্ছেন। যদিও বন্যা ও ভারী বৃষ্টির কারণে কিছুটা সময় নষ্ট হয়েছে।
বাণিজ্যিকভাবে লাল শাক, ফুলকপি, বাঁধাকপি, লাউ, পালং শাকসহ বিভিন্ন সবজি চাষ হচ্ছে। জেলার উঁচু জমিগুলোতে এখন শীতকালীন সবজি চাষের ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। কাক ডাকা ভোরে কৃষক-কৃষাণীরা জমিতে হাল চাষ, চারা রোপণ এবং পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। সবমিলিয়ে খুলনার কৃষকরা শীতকালীন সবজি চাষে নতুন আশার আলো দেখছেন।
এসএ/