বগুড়া সংবাদদাতা

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৮ নভেম্বর ২০২৪ ০৯:১৪



নবান্ন উৎসবে বগুড়ায় কোটি টাকার মাছের মেলা

বগুড়া সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৮ নভেম্বর ২০২৪ ০৯:১৪

নবান্ন উৎসবে বগুড়ায় কোটি টাকার মাছের মেলা

ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে নবান্ন উৎসব উপলক্ষে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। শিবগঞ্জের মহাস্থান, মোকামতলা ও উথলীর বিভিন্ন জায়গায় সকাল থেকে রাত পর্যন্ত মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়। মেলার মূল আকর্ষণ বিভিন্ন প্রজাতির বড় আকৃতির মাছ, যেমন বাঘাইড়, বোয়াল, রুই, কাতলা, চিতলসহ আরও অনেক।  

এবারের মেলায় ১৭ কেজি ওজনের ব্ল্যাক কার্প, ১১ কেজির কাতলা এবং ৭ কেজির রুইসহ বিশাল আকৃতির মাছ বিক্রি হয়েছে। মাছের দাম ২৫০ টাকা থেকে ৯০০ টাকা কেজি পর্যন্ত উঠেছে। মেলায় মাছের পাশাপাশি নতুন আলু, শাকসবজি, মিষ্টান্ন ও খেলনার দোকানেও ছিল উপচে পড়া ভিড়।  

উথলীর ঐতিহ্যবাহী এই মাছের মেলা প্রায় আড়াইশো বছরের পুরোনো। মেলায় আশপাশের গ্রামের মানুষ স্বজনদের নিয়ে উৎসবমুখর পরিবেশে দিন কাটান। ঘরে ঘরে আয়োজন করা হয় বড় মাছ ও নতুন সবজি দিয়ে বিশেষ আপ্যায়নের।মেলা নিয়ে স্থানীয় মাছ বিক্রেতা শরিফুল ইসলাম জানান, এ বছর মেলায় শতাধিক দোকান বসেছে, যেখানে প্রতিটি দোকানদার কমপক্ষে ৫ থেকে ১০ মণ মাছ বিক্রি করেছেন।

মোকামতলা বাজারের ব্যবসায়ী মানিক মিয়া বলেন, ১৭ কেজি ওজনের ব্ল্যাক কার্প ৮০০ টাকা কেজি দরে বিক্রি করেছেন তিনি।  

এবার মেলায় নতুন আলুর কেজি বিক্রি হয়েছে ৩০০-৪০০ টাকায়, মিষ্টি আলু ১৮০-২০০ টাকা কেজি। মাছ ছাড়াও শাকসবজি, মিষ্টান্ন এবং খেলনার বিপুল বিক্রি হয়েছে, যার আর্থিক পরিমাণ কোটি টাকারও বেশি।  

উথলীর এই মাছের মেলা শুধু স্থানীয়দের জন্য নয়; দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসে মাছ কিনতে এবং উৎসবের আনন্দ ভাগ করে নিতে। নবান্নের ঐতিহ্যকে কেন্দ্র করে এই মেলা এখন সমগ্র অঞ্চলের মিলনমেলায় পরিণত হয়েছে।

এসএ/