ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৮ নভেম্বর ২০২৪ ০৭:০৪
ছবি: সংগৃহীত
বান্দরবান-চিম্বুক-নীলগিরি এবং বান্দরবান-মেঘলা-নীলাচল সড়কে প্রথমবারের মতো চালু হচ্ছে ট্যুরিস্ট বাস। ছাদখোলা এই বাসে চড়ে পর্যটকরা উপভোগ করতে পারবেন পাহাড়, ঝরনা এবং প্রকৃতির অপার সৌন্দর্য।
সোমবার (১৮ নভেম্বর) সকালে এই ঘোষণা দেন বান্দরবান পূরবী বাস মালিক সমিতির সভাপতি কাজল কান্তি দাশ।
তিনি বলেন, ‘পর্যটনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ট্যুরিস্ট বাসের প্রয়োজনীয়তা আছে। জেলা প্রশাসকের অনুমতিতে আমরা ট্যুরিস্ট বাস চালুর সিদ্ধান্ত নিয়েছি। তবে গতকাল এই বাস নীলগিরিতে পরীক্ষামূলকভাবে যাওয়ার পথে হিল বার্ড মোড়ে মাহিন্দ্র মালিক ও শ্রমিক মালিক সমিতি বাধা দিয়েছে। এ ছাড়াও গাড়ি চালানো যাবে না বলে হুমকি দেয় তারা।’
তিনি আরও বলেন, ‘বান্দরবান হিলভিউ আবাসিক হোটেলের সামনে থেকে সকাল ৭টায় ছাদখোলা বাস ছেড়ে যাবে এবং দুপুরে বান্দরবান সদরে ফিরবে। পরে আবার বেলা ৩টায় বান্দরবানের মেঘলা ও নীলাচল পর্যটনকেন্দ্রে রওনা হবে এবং সন্ধ্যায় পর্যটকদের নিয়ে আবার সদরে ফিরবে। এ ক্ষেত্রে ৩১ সিটের এই বাসে ৫ বছরের বেশি বয়সীদের জন্য জনপ্রতি বান্দরবান-নীলগিরি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। আর মেঘলা-নীলাচলে বাসভাড়া ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পর্যটকদের চাহিদার ওপর ভিত্তি করে বাসের সংখ্যা বাড়তে পারে।’
এদিকে, বান্দরবান পার্বত্য জেলায় পর্যটন শিল্টের প্রসারে এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে উন্নতমানের ছাদখোলা পর্যটকবাহী বাস চালু করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য পূরবী বাস মালিক সমিতি, মাইক্রোবাস-কার-জিপ মালিক সমিতি এবং আবাসিক হোটেল-মোটেল মালিক সমিতির কাছে একটি চিঠি দিয়েছেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।
এসএ/