ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৯ নভেম্বর ২০২৪ ০৫:৫৮
ছবি: সংগৃহীত
দুই বছর পর ফের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। আমদানিকৃত চালের প্রথম চালানে এসেছে ১০৬ টন।
সোমবার (১৮ নভেম্বর) বন্দর থেকে চালানটি খালাস করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক)
সজিব নাজির।
এর আগে, রোববার রাতে ভারত থেকে চালবোঝাই তিনটি ট্রাক বন্দরে ট্রান্সশিপমেন্ট
ইয়ার্ডে প্রবেশ করে।
যশোরের মাহাবুবুল আলম ফুড প্রোডাক্ট নামের একটি প্রতিষ্ঠান এই
চালের আমদানিকারক। আমদানি করা নন বাসমতি চালের এলসি মূল্য ৪৫ হাজার ১৫০ মার্কিন ডলার;
যা বাংলাদেশি টাকায় ৫৪ লাখ ১৮ হাজার। অর্থাৎ আমদানি করা প্রতিকেজি চালের দাম পড়েছে
প্রায় ৫২ টাকা।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) সজিব নাজির বলেন, রাতে
বেনাপোল বন্দরে আসা চাল শুল্কায়নের পর দ্রুত ছাড় দেওয়ার ব্যবস্থা করা হয়।
আমদানিকারক মাহবুবুল আলম বলেন, আমদানি করা এ চাল নেওয়া হবে ঢাকার
বাজারে। সীমান্তের ওপারে তার আরও ১০০ টন চাল বেনাপোল বন্দরে প্রবেশর অপেক্ষায় রয়েছে।
পণ্য চ্যানেলটির সিএন্ডএফ এজেন্ট হোসেন অ্যান্ড সন্স।
/এসবি