ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২১ নভেম্বর ২০২৪ ০৮:২৩



নেত্রকোণায় দুর্বৃত্তের হামলায় ২ সাংবাদিক আহত, আটক ১

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২১ নভেম্বর ২০২৪ ০৮:২৩

নেত্রকোণায় দুর্বৃত্তের হামলায় ২ সাংবাদিক আহত, আটক ১

ছবি: সংগৃহীত

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় যুগান্তরের প্রতিনিধি মো.শফিকুল ইসলাম তলুকদার ও ইত্তেফাকের প্রতিনিধি মো.মহসিন মিয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে। 

বুধবার রাত ৯টার দিকে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বালুচর এলাকায় মোল্লা সিটি মার্কেটের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত অভিযোগে আজিজুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। 

আটক হওয়া আজিজুল ইসলাম (৩২) উপজেলার লক্ষ্মীপুর গ্রামের সিতু মিয়ার ছেলে। সাংবাদিক শফিকুল ইসলাম ও মহসিন মিয়া দুইজনেরই বাড়ি খালিয়াজুরী উপজেলায়।

প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক ৯টার দিকে শফিকুল ইসলাম তালুকদারসহ তিনজন সাংবাদিক ও কয়েকজন হাসপাতালের প্রধান ফটকের পাশে চায়ের দোকানের সামনে বসে আলাপ করছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্তরা লাঠি, রড ও দেশিয় অস্ত্র নিয়ে শফিকুল ইসলাম এবং মহসিনের ওপর হামলা চালায়। দুর্বৃত্তদের আঘাতে শফিকুলের মাথা কেটে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। আর মহসিন বুক, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। 

ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আহমেদ মুসা বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে জানান, শফিকুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তাঁর মাথায় আটটি সেলাই দেওয়া হয়। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর মহসিন মিয়াকে নেত্রকোণা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত সাংবাদিকরা জানান, তাঁরা কয়েকজন মিলে চায়ের দোকানের সামনে চেয়ারে বসে কথা বলছিলেন। আকস্মিকভাবে ছয়-সাতজন যুবক এসে হামলা চালায়। কিন্তু কী কারণে, কেন এই হামলা চালানো হয়েছে তা তাঁরা এখনো বুঝতে পারছেন না।

আহত সাংবাদিকরা আরও জানান, হামলাকারীদের মধ্যে আজিজুল ইসলাম ও গোলাম মোস্তফা নামের দুজনকে তারা চিনতে পেরেছেন। আজিজুলের বাড়ি খালিয়াজুরী সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। আর মোস্তফার বাড়ি খালিয়াজুরী উপজেলা শহরে।

এ ব্যাপারে খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন তালুকদার জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ঘটনায় জড়িত অভিযোগে আজিজুল ইসলাম নামের এক যুবকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।

এসএ/