ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৩ নভেম্বর ২০২৪ ০৬:৫৭
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে পরিবেশবান্ধব এবং অত্যাধুনিক পাঁচতলা অফিস ভবন নির্মাণ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। এই ভবনের বিশেষত্ব হলো, এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করা হয়েছে। প্রক্রিয়াজাত কাঠ দিয়ে তৈরি এই বিশেষ নির্মাণ উপাদান ভবনটিকে স্টিল ও কংক্রিটের তুলনায় ৯৬ শতাংশ কম কার্বন নিঃসরণ করতে সাহায্য করবে।
গুগলের এই নতুন অফিস ভবনটির নাম ১২৬৫ বোর্গের্গাস। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কর্মীদের জন্য আরামদায়ক, প্রাকৃতিক এবং উৎপাদনশীল কাজের পরিবেশ তৈরি হয়। ভবনটির নির্মাণশৈলীতে প্রাকৃতিক আলো প্রবেশের জন্য পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে, যাতে কর্মীরা উত্তর ক্যালিফোর্নিয়ার মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন।
কাঠের পরিবেশবান্ধব ব্যবহার
মাস টিম্বার হলো উন্নত কাঠ, যা ছোট ছোট কাঠের টুকরা একত্রে লেমিনেট করে বড় বিম এবং দেয়ালে রূপ দেওয়া হয়। এই কাঠ সময়ের সঙ্গে কার্বন শোষণ ও সংরক্ষণ করতে পারে। ১২৬৫ বোর্গের্গাস ভবনের জন্য ব্যবহৃত সব কাঠ এসেছিল দায়িত্বশীলভাবে পরিচালিত বন থেকে, যা ‘ফরেস্ট স্টুয়ার্ডশিপ কাউন্সিল’ (এফএসসি) দ্বারা সার্টিফাইড।
কর্মীদের স্বাস্থ্যের প্রতি বিশেষ গুরুত্ব
ভবনের চারপাশে তিন একর জায়গাজুড়ে স্থানীয় পরাগরেণু-বান্ধব উদ্ভিদ, যেমন কোস্ট লাইভ ওক এবং ক্যালিফোর্নিয়া ওয়াইল্ড রোজ রোপণ করা হয়েছে। সবুজায়ন কর্মীদের মানসিক স্বাস্থ্যের উন্নতি এবং মনোযোগ বাড়াতে সাহায্য করবে। ভবনের জানালায় স্বয়ংক্রিয় কাঠের ব্লাইন্ড স্থাপন করা হয়েছে, যা সূর্যের অবস্থান অনুযায়ী আলো নিয়ন্ত্রণ করে।
টেকসই ভবন নির্মাণের মাইলফলক
গুগলের বিল্ট এনভায়রনমেন্টের রিসার্চ ও ডেভেলপমেন্ট ডিরেক্টর মিশেল কাউফম্যান ভবনটি সম্পর্কে বলেন, "এটি টেকসই ভবন নির্মাণের একটি চমৎকার উদাহরণ, যা কর্মীদের তাদের সর্বোচ্চ কাজ করতে উৎসাহিত করবে।"
তথ্যসূত্র: ইয়াংকো ডিজাইন