ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৪ নভেম্বর ২০২৪ ১১:৩৩



নির্বাচনের দিনক্ষণ এখন বলা যাচ্ছে না: সিইসি

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৪ নভেম্বর ২০২৪ ১১:৩৩

নির্বাচনের দিনক্ষণ এখন বলা যাচ্ছে না: সিইসি

ছবি সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ‘নির্বাচন নিয়ে দিনক্ষণ তো এখন বলা যাবে না। আগে দায়িত্বটা নিই, কাজকর্ম বুঝে নিই। আপনারা আশ্বস্ত থাকুন, আমাদের নিয়ত সহি। ইনশা আল্লাহ একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে।

রবিবার (২৪ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সিইসি বলেন, ‘যে শপথ নিয়েছি এর সম্মান রাখতে চাই। আমার শপথ ভঙ্গ হবে না, আমি এই দায়িত্বকে জীবনের একটি অপরচুনিটি (সুযোগ) হিসেবে দেখছি।

তিনি বলেন, ‘আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আমি ইনশা আল্লাহ কনফিডেন্ট। আমরা সবাই মিলে আপনাদের সবার সহযোগিতা নিয়ে, দেশবাসীর সহযোগিতা নিয়ে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতাসহ এ জাতিকে একটা স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংস্কার একটা চলমান প্রক্রিয়া, নির্বাচন করতে গেলে কিছু অ্যাসেনশিয়াল সংস্কার লাগবে। যেমন এখন নানা রকম কথা হচ্ছে, আনুপাতিক ভোটের হারে এবং আগের নিয়মে হবে। সংবিধানে যদি এটার ফয়সালা না হয় তাহলে আমরা নির্বাচনটা করব কীভাবে?’

সিইসি বলেন, ‘প্রধান বিচারপতি আমাকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বিশেষ পরিস্থিতিতে বিশেষ চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হতে পারে, এমন বিশেষ পরিস্থিতি আমার চাকরি জীবনে অনেক এসেছে, আমি তথ্য মন্ত্রণালয়, জ্বালানি মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলাম। জীবনে বহু চ্যালেঞ্জ দেখেছি। সাকসেসফুলি মোকাবিলা করেছি। এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করার সাহস ও অভিজ্ঞতা আমার রয়েছে।

এর আগে দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম মো. নাসির উদ্দীন ও অন্য চার নির্বাচন কমিশনার (ইসি) শপথ নেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁঞা। এ সময় সুপ্রিম কোর্ট প্রশাসনের ও ইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২১ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সচিব এ এম এম মো. নাসির উদ্দীন। তার সঙ্গে চার নির্বাচন কমিশনারের নামও ঘোষণা করা হয়। ওই চার নির্বাচন কমিশনার হলেন- সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী তাদের নিয়োগ দেন।

এসএএল/