ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৮ নভেম্বর ২০২৪ ০৮:৩৫
ছবি: সংগৃহীত
মানহানির মামলায় বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির জামিন মঞ্জুর করেছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তাপসী তাবাসসুম ঊর্মি আদালতে
হাজির হয়ে জামিন চাইলে ঢাকা মহানগর হাকিম ইমরান আহমেদ তার জামিন মঞ্জুর করেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত
করেছেন ।
খাদেমুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদকে
নিয়ে চরম অবমাননাকর কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী
কমিশনার তাপসী তাবাসসুম আজ সকাল ১০টার পর আদালতে আত্মসমর্পণ করেন। বাদীপক্ষ থেকে তারা
জামিনের বিরোধিতা করেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে তাপসী তাবাসসুমের জামিন মঞ্জুর
করেন।
গত ৮ অক্টোবর বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুমের বিরুদ্ধে
ঢাকার সিএমএম আদালতে মানহানির মামলা করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম
সমন্বয়ক আবু হানিফ। আদালত মানহানির মামলা আমলে নিয়ে সেদিন তাঁকে ২৮ নভেম্বর হাজির হওয়ার
জন্য সমন জারির আদেশ দেন।
আদালত আদেশে উল্লেখ করেন, মামলার বাদী গণ অধিকার পরিষদের উচ্চতর
পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে
অংশ নিয়েছিলেন। তিনি ১১ দিন কারাভোগ করেন।
/এসবি