ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৩ ডিসেম্বর ২০২৪ ০৭:২১
ছবি: সংগৃহীত
থানা থেকে লুট করা পিস্তল দিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রেমিকা সাহিদা আক্তারকে প্রেমিক তৌহিদ শেখ তন্ময় (২৮) গুলি করে হত্যা করেন বলে জানিয়েছে পুলিশ। প্রেমের সম্পর্ক থেকে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। পরে বিয়ের জন্য চাপ দেওয়ায় প্রেমিকাকে গুলি করা হত্যা করেন প্রেমিক।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোয়েন্দা পুলিশের কাছে এসব
তথ্য জানিয়েছেন প্রেমিক তৌহিদ শেখ তন্ময়।
সোমবার (২ ডিসেম্বর) ভোরে ভোলার ইলিশা থেকে মনপুরা পালিয়ে যাওয়ার
সময় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটিও উদ্ধার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত তৌহিদ শেখ তন্ময় রাজধানীর ওয়ারীর বর্ণগ্রাম এলাকার মৃত শফিক শাহর ছেলে।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আজাদ বলেন,
৫ আগস্টের পর ঢাকার ওয়ারী থানা হতে লুট করা একটি পিস্তল দিয়ে গুলি করে সাহিদাকে হত্যা
করা হয়। পিস্তলটি উদ্ধার করা হয়েছে। প্রথমে প্রেমের সম্পর্ক। পরে অনৈতিক সর্ম্পকের
জের ধরে সাহিদাকে গুলি করে হত্যা করেছে তার প্রেমিক।
তিনি আরও বলেন, সাহিদাকে হত্যার ঘটনার পর থেকে তার পরিবারের কাছে
তৌহিদের বিষয়ে জানতে পেরে সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তারের জন্য আমাদের একাধিক দল
কাজ করছিল। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে এবং গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি
তৌহিদ ভোলায় আছে। রোববার রাতে আমাদের একটি দল সেখানে অভিযান চালায়। সেখান থেকে তৌহিদকে
গ্রেপ্তার করা হয়। পরে তৌহিদের দেওয়া তথ্যের ভিত্তিতে যে অস্ত্র দিয়ে সাহিদাকে গুলি করে হত্যা করা হয়েছিল সেটি কেরানীগঞ্জের
একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
এর আগে গত শনিবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার
মহাসড়কের সমসপুর এলাকার দোগাছী সার্ভিস সড়ক থেকে সাহিদা আক্তারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
করে পুলিশ। এ সময় সময় মরদেহের পাশে ৫টি গুলির খোসা পড়ে ছিল। নিহতের শরীরে আটটি গুলির
ছিদ্র ছিল।
/এসবি