ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৩ ডিসেম্বর ২০২৪ ০৮:৩৭
ছবি: সংগূহীত
১৩ বছর আগের হামলার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপ-উপাচার্য ও সাবেক প্রক্টর অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, সহকারী প্রক্টর তারেক নূর ও অধ্যাপক মুসতাক আহমেদসহ সাবেক ছয় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) রাজশাহী কোর্টে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের
২০০৮-০৯ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী হাসান ইলিয়াসের পক্ষে তার ছোট ভাই রোকনুজ্জামান
এই মামলা করেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল
ইসলাম মিলনায়তনের বারান্দায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাদী এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রোকনুজ্জামান বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী
সরদার হাসান ইলিয়াস ২০০৮-০৯ শিক্ষাবর্ষে রাবির আরবি বিভাগের ছাত্র ছিলেন। তিনি সাতক্ষীরা
জেলার দেবহাটা থানার দক্ষিণ কুলিয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে। রাবি প্রেসক্লাবের
সাবেক সহ-সভাপতি ও বর্তমানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের
গ্লোবাল কমিউনিটির সদস্য।
তিনি বলেন, ২০১১ সালের ১৪ আগস্ট আনুমানিক দুপুর ২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
সৈয়দ আমীর আলী হলের স্টোর রুম থেকে ককটেল উদ্ধারের সংবাদ সংগ্রহ করতে গেলে পরিকল্পিতভাবে
ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে আমার বড় ভাইয়াকে
হত্যার উদ্দেশে তার উপর বর্বরোচিত আক্রমণ করে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক ছাড়াও অন্যান্য আসামিরা হলেন-
ছাত্রলীগের তৎকালীন রাবি শাখার সাবেক সভাপতি ও সদ্য বিলুপ্ত হওয়া নাটোরের গুরুদাসপুর
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী ওরফে আহম্মদ আলী মোল্লা (৪২), তৎকালীন
রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান
আবু হোসাইন ওরফে আবু হোসাইন বিপু (৩৭)।
তৎকালীন মাদার বখ্শ হল শাখা ছাত্রলীগের আহ্বায়ক ও বর্তমান তেজগাঁও
শিল্প অঞ্চল পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন বাবু (৩৮), তৎকালীন রাবি শাখা ছাত্রলীগের
সহ-সভাপতি ও বর্তমান গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক
আল আরাফাত রাব্বি (৩৪), তৎকালীন ছাত্রলীগের সন্ত্রাসী ও রাবির ২০০৩-২০০৪ সেশনের ইনফরমেশন
অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইঞ্জিনিয়ার আব্দুল আলিম (৩৫)
ও রাষ্ট্রবিজ্ঞান ২০০৭-২০০৮ সেশনের কামাল হোসেন (৩৫)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সে সময় আসামি রুহুল আমিন বাবু
(বর্তমান পুলিশের সাব ইন্সপেক্টর) হকিস্টিক দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে জখম করে। পরে ইট
দিয়ে তার মাথা ও মুখে আঘাত করে রক্তাক্ত করে। আমীর আলী হলের সামনে থাকা পানির কুয়ার
মধ্যে ফেলে চুবিয়ে তাকে ধরে রাখে। ওই সময় পানি থেকে উঠিয়ে আসামি আব্দুল আলীম, আল আরাফাত
রাব্বি ও আহম্মদ আলী মোল্লা জিআই পাইপ ও আবু হোসাইন বিপু রড দিয়ে ভুক্তভোগীর পিঠে,
কোমরে ও পায়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এ সময় ভুক্তভোগীর পকেটে থাকা মোবাইল ফোন (নোকিয়া-৫১৩০
মডেল) আসামি কামাল হোসেন ও হাতে থাকা ক্যামেরা (ক্যানন ৫৫০ ডি.) আহম্মদ আলী মোল্লা
ছিনিয়ে নেয়।
এজাহার সূত্রে আরও জানা গেছে, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের
সাবেক প্রক্টর (পরে উপ-উপাচার্য) চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, সহকারী প্রক্টর তারেক নূর
ও মুসতাক আহমেদ। তারা কোনও সাহায্য করেননি বরং ভুক্তভোগীর ওপর হামলা করার জন্য নির্দেশ
দেন। তাদের মৌন সম্মতি পেয়ে দ্বিতীয়বার রড ও হকিস্টিক দিয়ে সাংবাদিক ইলিয়াসকে ছাত্রলীগের
সন্ত্রাসীরা শরীরের সর্ব শক্তি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। নির্যাতনের এক পর্যায়ে
জ্ঞান হারিয়ে ফেললে তাকে মৃত ভেবে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে মুমূর্ষু অবস্থায়
সহকর্মী সাংবাদিকরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ছয় নম্বর ওয়ার্ডে
ভর্তি করেন।
সংবাদ সম্মেলনে বাদী রোকনুজ্জামান বলেন, আমার ভাই ব্যক্তিগত কাজে দেশের বাইরে থাকায়
তার পক্ষে মামলাটি আমি করেছি। আমি আদালতের কাছে আমার ভাইয়াকে হত্যাচেষ্টাকারী আসামিদের
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, রাজশাহী জেলা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের
আমলি আদালত মামলাটি আমলে নিয়ে ৭ জানুয়ারি ২০২৫-এর মধ্যে মতিহার থানার ওসিকে তদন্ত প্রতিবেদন
জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
/এসবি