ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৪ ডিসেম্বর ২০২৪ ১০:৩১
ছবি: সংগৃহীত
ধর্ম অবমাননার মামলায় গ্রেপ্তার সুনামগঞ্জের দোয়ারাবাজারের মংলারগাঁওয়ের আকাশ দাসকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ সদর ও দোয়ারাবাজার থানার পুলিশ আকাশ দাসকে আদালতে হাজির করলে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
আদালতের পুলিশ পরিদর্শক আকবর আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আকাশ দাসের নামে ফেসবুক পোস্টের মাধ্যমে ধর্ম অবমাননার
অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তাকে আজ সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
সাইফুর রহমানের আদালতে তোলা হয়।
এর আগে, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে নিজের ফেসবুকে ধর্মীয় বিষয়ে
একটি পোস্ট দেন দোয়ারাবাজার উপজেলার মংলারগাঁও গ্রামের প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাস।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়লে স্থানীয় মুসলমানরা ক্ষুব্ধ হয়। রাত ৯টায়
পুলিশ আকাশ দাসকে আটক করে দোয়ারাবাজার থানায় নিয়ে আসে। এসময় থানার বাইরে উত্তেজিত জনতা
বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ ও সেনাবাহিনী বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে।
/এসবি