ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৮ ডিসেম্বর ২০২৪ ১০:৩২
প্রতীকী ছবি
মব ট্রায়াল, সাম্প্রদায়িক হামলা ও উস্কানির বিরুদ্ধে রাষ্ট্রকে আরও দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি। শনিবার (৭ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির কেন্টিনে গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সভায় নেতারা এ দাবি জানান।
এসময় তারা দেশের বিচারব্যবস্থার মর্যাদা রক্ষা ও
আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে
মন্তব্য করেন।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো. ইয়াহিয়ার
সভাপতিত্বে সভায় সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক
চৌধুরী। শোক প্রস্তাব উত্থাপন করেন যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হুমাউন কবির। এতে জুলাই
অভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি চট্টগ্রামে সন্ত্রাসী
হামলায় নিহত তরুন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ এবং প্রয়াত বিচারক ও আইনজীবীদের জন্য শোক
প্রকাশ করা হয়।
সভায় চট্টগ্রামে সাম্প্রদায়িক উস্কানিমূলক
ঘটনাকে কেন্দ্র করে নিরীহ আইনজীবীদের ঢালাওভাবে আসামি করে হয়রানির নিন্দা জানানো হয়।
অবিলম্বে নিরীহদের অব্যাহতি দেয়ার আহবান জানানো হয়। এছাড়া বার কাউন্সিলের কার্যক্রমকে
আরও জবাবদিহিতার আওতায় আনার দাবি জানানো হয়।
সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী
সভাপতি অ্যাডভোকেট এমএ তাহের, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট একেএম সোহেল আহমেদ, অ্যাডভোকেট
আলী আজম, অ্যাডভোকেট মূরলী ধর দাস, অ্যাডভোকেট মানিক কুমার মজুমদার, অ্যাডভোকেট বিমল
শীল, অ্যাডভোকেট আনোয়ারুল হক প্রমুখ।
/এসবি