ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৮ ডিসেম্বর ২০২৪ ১০:২০
ছবি: সংগৃহীত
জাতীয় নির্বাচন ও রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার প্রসঙ্গে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ যে বক্তব্য দিয়েছেন, সেটি তার ব্যক্তিগত মতামত বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে
রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে প্রেস উইংয়ের পক্ষ থেকে উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর
এ কথা বলেন।
তিনি বলেন, ‘উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ
গতকাল (শনিবার) নির্বাচন নিয়ে একটি মতামত দিয়েছেন। তিনি বলেছেন, আগামী বছর নির্বাচন
অনুষ্ঠিত হতে পারে। তবে এটি তার ব্যক্তিগত মতামত।’
প্রসঙ্গত, শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীতে
এক অনুষ্ঠানে উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘আগামী বছরই আমরা একটি রাজনৈতিকভাবে
নির্বাচিত সরকার দেখবো। (এটি) আমার ব্যক্তিগত মতামত। জানি না কী হবে।’
অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘প্রধান উপদেষ্টার
পক্ষ থেকে নির্বাচন বিষয়ক কোনো ঘোষণা আসেনি। প্রধান উপদেষ্টার পক্ষে নির্বাচন কমিশন
থেকে এ বিষয়ে ঘোষণা আসবে।’
কবে নাগাদ ঘোষণা আসতে পারে- সাংবাদিকদের
এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যখন ঘোষণা আসবে তখন সবার আগে আপনারা জানতে পারবেন।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান
উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম ও উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
/এসবি