ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৯ ডিসেম্বর ২০২৪ ০৯:৫৬
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সোমবার ঢাকায় বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর কূটনীতিকেরা।
বৈঠকে প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতদের প্রতি
বাংলাদেশিদের জন্য তাদের ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী অন্য
কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক
সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার
সামনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন
বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার
কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকেরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। ১৯ সদস্যের
প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন
মাইকেল মিলার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বাংলাদেশিদের জন্য তাদের ভিসা সেন্টার
দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়ে
প্রধান উপদেষ্টা বলেন, ‘ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি
গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছে না। ফলে তাদের শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার্থী পাচ্ছে না। ভিসা অফিস ঢাকা অথবা প্রতিবেশী
কোনো দেশে স্থানান্তর হলে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন উভয়েই উপকৃত হবে।’
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে
শ্রম অধিকার, বাণিজ্য–সুবিধা, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
অ্যাক্ট, রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে উভয়ের অঙ্গীকার
ও করণীয় সম্পর্কে আলোচনা হয়। আড়াই ঘণ্টাব্যাপী এই বৈঠকে ১৫ জন প্রতিনিধি তাদের মতামত
তুলে ধরেন।
বৈঠকে কূটনীতিকদের পক্ষ থেকে বিভিন্ন বিষয়
জানতে চাওয়া হয়েছিল উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা জানিয়েছি, প্রতিটি বিষয়ে
প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আমরা অবশ্যই একটি অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের
দিকে যাব।’
/এসবি