ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৯ ডিসেম্বর ২০২৪ ১০:১৪
ছবি: সংগৃহীত
রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন ব্যবস্থার সংস্কার করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। রোববার (৮ ডিসেম্বর) রাজধানীর তোপখানা রোডে বাসদ (মার্কসবাদী) কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এসব কথা বলা হয়।
এসময় নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের
চার মাস পেরিয়ে গেলেও সংস্কার ও নির্বাচনের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়নি।
বরং নতুন নির্বাচন কমিশনের প্রথম সভার পর ভোটার
হালনাগাদ করার জন্য যে সময়ের পরিকল্পনা হাজির করেছে, তাতে নির্বাচনের সময়কাল অনেকখানি
পিছিয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে।
বাজারব্যবস্থার সংস্কার করে দরিদ্র ও নিম্নবিত্ত
জনসাধারণের জন্য দ্রুত রেশনের ব্যবস্থা চালুর দাবি জানিয়ে নেতারা বলেন, গত চারমাসে
দ্রব্যমূল্য বৃদ্ধি অসহনীয় পর্যায়ে ঠেকেছে। মূল্যস্ফীতি বেড়েছে। আওয়ামী লীগ আমলের
মতই শুল্কহ্রাস করেও পণ্যের মূল্যবৃদ্ধি ঠেকানো যাচ্ছে না। মুনাফাখোর ব্যবসায়ী সিন্ডিকেট
আগের মতোই শক্তিশালী। নিত্যপণ্যের মূল্য কমানোর বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে বাকি সব কাজ
করতে হবে।
নেতারা বলেন, এই অভ্যুত্থানে অসংখ্য শ্রমজীবী
মানুষ অংশ নিয়েছেন। প্রাণ দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। সেই শ্রমজীবী-মেহনতি মানুষদের
বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা অভ্যুত্থানের প্রথম কর্তব্য হওয়া উচিত।
সভায় আইনশৃংখলা পরিস্থিতির অবনতির অজুহাতে
বিজয় দিবসে আলোচনা অনুষ্ঠান, স্মৃতিচারণ, মেলা ও কুচকাওয়াজ না করা এবং কর্মসূচি সংক্ষিপ্ত
করার সরকারি সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সাম্প্রদায়িক উস্কানি রুখে দাঁড়াতে ভারত ও বাংলাদেশ-
দু'দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে নেতারা বলেন, দুই দেশের মিডিয়ার মিথ্যা প্রচারণার
বিরুদ্ধে উভয় দেশের সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী
দিবসে রায়েরবাজার বধ্যভূমি থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত পদযাত্রা কর্মসূচি ঘোষণা
করা হয়।
বাম গণতান্ত্রিক জোট ও বাসদের (মার্কসবাদী)
সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিপিবি'র সাধারণ সম্পাদক রুহিন
হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ
সম্পাদক ইকবাল কবীর জাহিদ, সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার, গণতান্ত্রিক
বিপ্লবী পার্টির সদস্য শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল
আলী, সদস্য রুবেল শিকদার প্রমুখ। /এসবি