ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১০ ডিসেম্বর ২০২৪ ০৯:১৬
ছবি: সংগৃহীত
বেসরকারি ব্যাংক সিটি ব্যাংক লিমিটেড সব স্তরের কর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে, যাতে তারা মূল্যস্ফীতির চাপ সামলাতে পারেন। ব্যাংকটির কর্মীদের বেতন বাড়ছে সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত।
নতুন বেতন কাঠামো গত ১ নভেম্বর থেকে কার্যকর
করা হয়েছে। ফলে সিটি ব্যাংকের কর্মীরা গত নভেম্বর মাসের বকেয়াসহ চলতি ডিসেম্বর মাসে
নতুন কাঠামোয় বেতন পাবেন। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এ তথ্য জানিয়েছে।
দেশের বাজারে গত আড়াই বছরে প্রায় সব ধরনের
নিত্যপণ্যের দামই বেড়েছে। সর্বশেষ গত নভেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে
১১ দশমিক ৩৮ শতাংশ। কিন্তু জিনিসপত্রের দাম বাড়লেও সে তুলনায় বিভিন্ন প্রতিষ্ঠানের
কর্মীদের বেতন বাড়েনি। ফলে অনেক কর্মীই উচ্চ মূল্যস্ফীতির চাপে রয়েছেন। এ অবস্থা বিবেচনায়
নিয়ে কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সিটি ব্যাংক।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্রমবর্ধমান
মূল্যস্ফীতির মধ্যে সিটি ব্যাংক তার কর্মীদের জীবনযাত্রা সহজ করতে বেতন পুনর্গঠনের
উদ্যোগ নিয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২৪ সালের জন্য বার্ষিক বেতন ১৬২ কোটি টাকা
বৃদ্ধির অনুমোদন দিয়েছে। এর সঙ্গে ২০২৫ সালের বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) ও বোনাস প্রভৃতি
যোগ করলে ২০২৫ সালের শেষ নাগাদ (আজ মঙ্গলবার থেকে) কর্মীদের বার্ষিক বেতন বাবদ ব্যয়
বাড়বে ৩০০ কোটি টাকা। এর ফলে আগামী বছরেই সিটি ব্যাংকের কর্মীদের মোট বেতন বছরে ১
হাজার ২১০ কোটি টাকায় পৌঁছাবে।
সম্প্রতি সমমানের ব্যাংকসমূহের সঙ্গে মিলিয়ে
এক জরিপ করেছে সেরেব্রাস কনসালট্যান্টস লিমিটেড। ওই জরিপের ফলাফলের ভিত্তিতে সিটি ব্যাংক
তাদের সব কর্মকর্তা ও কর্মচারীর বেতন সমন্বয় করেছে।
সিটি ব্যাংক জানায়, বাজারের সঙ্গে বেতনের
সামঞ্জস্য আনতে চেষ্টা করেছে তারা। এ জন্য যেসব কর্মীর বর্তমান বেতন বাজারের মানের
তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে কম ছিল, তাদের বেতন উচ্চ হারে বৃদ্ধি পেয়েছে। আর যাদের
বেতন বাজার গড়ের কাছাকাছি ছিল, তাদের বেতন তুলনামূলক কম বেড়েছে।
ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার বা সহকারী
কর্মকর্তা থেকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত সব পদে বেতন বেড়েছে সর্বনিম্ন
১০ শতাংশ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত। গড় করলে সার্বিকভাবে বেতন বেতন বৃদ্ধির হার
দাঁড়ায় ২৩ শতাংশ। ব্যাংকের সাপোর্ট স্টাফ, আউটসোর্সিং করা স্টাফ ও চুক্তিভিত্তিক নিয়োগ
পাওয়া কর্মীদেরও বিশেষ বেতন বৃদ্ধির আওতায় রাখা হয়েছে।
বেতন বৃদ্ধির বিষয়ে সিটি ব্যাংকের চেয়ারম্যান
আজিজ আল কায়সার বলেন, ‘আমাদের কর্মীরা সিটি ব্যাংকের মেরুদণ্ড। বাজারের অবস্থার সঙ্গে
বেতন-ভাতা সমন্বয় করে আমরা ব্যাংকটিকে দেশের সেরা কর্মক্ষেত্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে
কাজ করছি।’
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)
ও প্রধান নির্বাহী (সিইও) মাসরুর আরেফিন বলেন, ‘ব্যাংকের মুনাফা অনেক বেড়েছে। তিনি
এমডি হওয়ার আগে পরিচালন মুনাফা হয়েছিল ৬৯৯ কোটি টাকা, যা বেড়ে এ বছর ২ হাজার কোটি
টাকা ছাড়িয়েছে। তাই এটা এখন আমাদের কর্মীদের নৈতিক অধিকার যে তারা পরিবার–পরিজন নিয়ে
আরও ভালো থাকবেন।’
/এসবি