ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৩ ডিসেম্বর ২০২৪ ০৮:০৪



চাঁপাইনবাবগঞ্জ শহরজুড়ে ককটেল আতঙ্ক

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৩ ডিসেম্বর ২০২৪ ০৮:০৪

চাঁপাইনবাবগঞ্জ শহরজুড়ে ককটেল আতঙ্ক

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ শহরজুড়ে ছড়িয়ে পড়েছে ককটেল আতঙ্ক। ৫ দিনের ব্যবধানে সরকারি অফিস, পৌরসভার ও বিদ্যালয় ভবন থেকে ককটেল উদ্ধারের পর এ আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, চলতি বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটে চাঁপাইনবাবগঞ্জ শহরে। আদালত চত্ত্বর, জেলা প্রশাসকের বাস ভবন, নির্বাচন অফিস থেকে শুরু করে ভোটে অংশ নেওয়া প্রার্থীদের বাড়িতেও ককটেল বিস্ফোরণ হয়।

পুলিশ জানিয়েছে, গত ৮ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসনিক ভবন সংলগ্ন একটি ড্রেন থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়। ওইদিন সকালে পরিচ্ছন্নতাকর্মীরা ড্রেন পরিষ্কার করার সময় ককটেলগুলো দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ককটেলগুলো উদ্ধার করে। এরপর গত ১০ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসের সীমানার মধ্য থেকে আরও দুটি ককটেল উদ্ধার করা হয়। ওইদিন বিকেলে জেলা নির্বাচন অফিসের সীমানা প্রাচীরের মধ্যে ককটেল দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ককটেলগুলো উদ্ধার করে। ককটেল উদ্ধারের আগের রাতে (৯ ডিসেম্বর) ওই এলাকায় একটি বিস্ফোরণের শব্দও শোনা গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা।

সবশেষ গতকাল বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভবনের ছাদ থেকে ৩টি ককটেল উদ্ধার করা হয়। বিদ্যালয়ের একটি ভবনের ছাদে ককটেলগুলো দেখতে পেয়ে পুলিশকে জানায় স্থানীয়রা। পরে পুলিশ এসে ককটেলগুলো উদ্ধার করে।

৫ দিনের ব্যবধানে তিনটি ঘটনা ঘটলেও এখনও পুলিশ রয়েছে অন্ধকারে। কে বা কারা এসব ঘটনার সঙ্গে জড়িত তা জানতে পারেনি পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূরুল কাদির সৈকত বলেন, ‘ককটেল উদ্ধারের পর কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে। তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি।’

/এসবি