ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৫ ডিসেম্বর ২০২৪ ১০:০২
ছবি: সংগৃহীত
ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় সোনাগাজী পৌর যুবলীগের সভাপতি নাসির উদ্দিন অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে
জানা যায়, সোনাগাজী পৌর যুবলীগ সভাপতি নাসির উদ্দিন অপু ওমরা পালন শেষে শাহজালাল আন্তর্জাতিক
বিমানবন্দরে পৌঁছালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে
হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
একই দিন
সোনাগাজীর দক্ষিণ চর সাহাভিকারী এলাকার চাঁন মিয়ার দোকান থেকে সোনাগাজী উপজেলা ছাত্রলীগের
সাবেক সহসভাপতি আব্দুল জলিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতার জলিল মতিগঞ্জ ভূমি অফিসের
তালিকাভুক্ত দলিল লেখক ও ইসলামী ব্যাংক জমাদার বাজার এজেন্ট ব্যাংক শাখার কর্ণধার।
২০২০ সাল পরবর্তী তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে ব্যবসা ও দলিল লেখকের কাজ করছিলেন বলে
দাবি স্থানীয়দের।
এ ব্যাপারে
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ‘আন্দোলনে হত্যাকাণ্ডের
ঘটনায় ফেনী মডেল থানায় করা দুটি মামলায় নাসির উদ্দিন অপু এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে
সোনাগাজী মডেল থানায়ও একটি চাঁদাবাজির মামলা রয়েছে। এ ছাড়া আব্দুল জলিলকে আন্দোলনে
হতাহতের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তাদের
কারাগারে পাঠানো হবে।’
/এসবি