ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৬ ডিসেম্বর ২০২৪ ০৮:৪৯
ছবি: সংগৃহীত
আজ মহান বিজয় দিবস। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের আত্মপ্রকাশের দিন। বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ সোমবার
সকাল সাড়ে ৬টায় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। পরে সকাল ৭টা ১২ মিনিটে
স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা।
পুষ্পস্তবক
অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি
বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় বাংলাদেশ
সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন
জানায়। বিউগলে করুণ সুর বেজে উঠে। পরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে
রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
১৯৭১ সালের
এই দিনে পৃথিবীর মানচিত্রে স্বীকৃতি পায় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। বীরত্বপূর্ণ সংগ্রামে
রচিত হয় বিজয়ের ইতিহাস। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিরস্ত্র বাঙালির ওপর হামলা চালায়
পাক হানাদার বাহিনী। গণহত্যার পৈশাচিকতায় মেতে ওঠে তারা। শুরু হয় প্রতিরোধ সংগ্রাম।
চলে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ। ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত
হয় স্বাধীনতা। ১৬ ডিসেম্বর রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে পাক হানাদার বাহিনী।
/এসবি