ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৮ ডিসেম্বর ২০২৪ ১০:২০



খাটের ওপর পড়ে ছিল মা-মেয়ের মরদেহ

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৮ ডিসেম্বর ২০২৪ ১০:২০

খাটের ওপর পড়ে ছিল মা-মেয়ের মরদেহ

ছবি: সংগৃহীত

নেত্রকোণার পূর্বধলায় মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। ঘরের খাটের ওপর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলো— উপজেলার চুরাটিয়া গ্রামের মোস্তাকিনের স্ত্রী রূপালী আক্তার (২৭) ও তার মেয়ে রুবাইয়া তাবাসসুম মুন (৭)।

আজ মঙ্গলবার বিকালে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের চুরাটিয়া গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

রূপালীর বাবা আব্দুর রশিদ জানান, ১০-১২ বছর আগে তার মেয়েকে বিয়ে দেন। মেয়ের জামাই মোস্তাকিন ফায়ার সার্ভিসে চাকরি করেন। বর্তমানে মোস্তাকিম ময়মনসিংহ বিভাগীয় কন্টোল রুমে কর্মরত। ইতোমধ্যে তার মেয়ের দুটি সন্তানও হয়েছে। সম্প্রতি জমি কেনা নিয়ে মেয়ে ও জামাইয়ের মধ্যে কলহ দেখা দেয়। আজ সকালে মেয়ে ও নাতির মৃত্যুর খবর পান।

রূপালীর শ্বাশুড়ি আমেনা খাতুন জানান, গতকাল রাতে তার পুত্রবধূ প্রতিদিনের মতো ৭ বছরের মেয়ে রুবাইয়া ও দুই বছরের মেয়ে তাহমিনাকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে ঘরের খাটের ওপর বিছানায় রূপালী ও রুবাইয়ার মরদেহ দেখতে পান।

রূপালীর স্বামী মোস্তাকিন তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘স্ত্রী-সন্তান বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মারা গেছে।’

নেত্রকোণা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলের বাড়ির একটি কক্ষের খাটের ওপর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ে মারা গেছে। খবর পেয়ে সিআইডি ও পূর্বধলা থানা-পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অপমৃত্যু মামলা হবে। সব দিক মাথায় রেখে তদন্ত শুরু হয়েছে।’

নেত্রকোণা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, রূপালীর ডান হাতে আগুনে ঝলসানো চিহ্ন, দুই পায়ের গোড়ালির ওপরে ও দুই হাতের কবজির ওপরে কালো দাগ রয়েছে। মেয়ে রুবাইয়ার ডান পায়ের গোড়ালি ও দুই হাতের কবজির ওপরে গোল কালো দাগ দেখা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

/এসবি