ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২১ ডিসেম্বর ২০২৪ ০৯:৩৯



মূল্যস্ফীতির তথ্য প্রকাশে কারচুপি হচ্ছে না: অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২১ ডিসেম্বর ২০২৪ ০৯:৩৯

মূল্যস্ফীতির তথ্য প্রকাশে কারচুপি হচ্ছে না: অর্থ উপদেষ্টা

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘মূল্যস্ফীতির তথ্য প্রকাশে কোনো কারচুপি হচ্ছে না, তাই বেশি দেখাচ্ছে। এছাড়া, এ খাত নিয়ে বহির্বিশ্বে যে ভুল তথ্য প্রকাশিত হয়েছে তা নিরসন করে সঠিক তথ্য প্রকাশ করবে ব্যাংকিং অ্যালামনাক।’

শনিবার রাজধানীর সিরডাপে ব্যাংকিং অ্যালামনাকের ষষ্ঠ সংস্করণের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।

দেশের সরকারি-বেসরকারি সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিস্তর তথ্য-উপাত্ত তুলে ধরে ব্যাংকিং অ্যালামনাক। শনিবার উন্মোচন হলো বইটির ষষ্ঠ সংস্করণের মোড়ক। এতে, ২০২৩ সাল পর্যন্ত দেশের ৬০টি ব্যাংক ও ৩৪টি আর্থিক প্রতিষ্ঠানের গতি-প্রকৃতি নিয়ে তথ্য প্রকাশ করা হয়েছে।

অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, আর্থিক খাতে তথ্য বিভ্রান্তিতে নীতিনির্ধারকদের দায় আছে। যা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে। তাই, এ খাতে সঠিক তথ্য-উপাত্ত প্রকাশের জন্য স্বচ্ছতা ও স্বাধীনতা জরুরি বলে জানান তিনি।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘রপ্তানি বাণিজ্যের তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ, এমনকি জিডিপি ও মূল্যস্ফীতির তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করে অনেকেই। তথ্য বিভ্রাটের পেছনে কিছুটা অনিচ্ছাকৃত ভুল আছে, আবার কিছু ক্ষেত্রে যারা নীতি নির্ধারক তাদেরও নেতিবাচক ভূমিকা আছে।’

আর্থিকখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসার কথা জানান অর্থ সচিব। তিনি বলেন, শৃঙ্খলা ফেরাতে সঠিক তথ্যের জোগান জরুরি।

অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার বলেন, ‘আর্থিকখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে নেওয়া উদ্যাোগগুলো বাস্তাবায়ন করা খুবই জরুরি। তাহলে আর্থিকখাতে আর কখনোই এরকম বিশৃঙ্খলা দেখা যাবে না।

দেশের অর্থনীতির চাকা বেগবান করতে সঠিক তথ্য ও পেশাদারত্বের ওপর জোর দেওয়ার কথা জানান বক্তারা।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘তথ্যের সত্যতা এবং প্রক্রিয়াগুলো পেশাদারিত্বের সাথে সম্পন্ন করা, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। এই দুইটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখতে পাচ্ছি সন্তোষজনকভাবে অগ্রগতি হচ্ছে।   

সামষ্টিক অর্থনীতিকে সঠিক পথে আনতে নীতিগত পরিবর্তন আনারও প্রয়োজন দেখছেন বক্তারা।

/এসবি