ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৩ ডিসেম্বর ২০২৪ ০৯:১২



চাঁদপুরে জাহাজে দুর্বৃত্তদের হামলা: নিহত বেড়ে ৭

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৩ ডিসেম্বর ২০২৪ ০৯:১২

চাঁদপুরে জাহাজে দুর্বৃত্তদের হামলা: নিহত বেড়ে ৭

ছবি: সংগৃহীত

চাঁদপুরের মেঘনা নদীতে মালবাহী জাহাজটিতে থাকা ৮ জনের সবাইকে কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। এরমধ্যে ৭ জন নিহত হয়েছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন।

নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান জানান, ৮ জনকে রক্তাক্ত অবস্থায় জাহাজের পৃথক স্থান থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতরা হলেন- মাষ্টার কিবরিয়া, ইঞ্জিন চালক সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি, গ্রিজার সজিবুল, আজিজুল ও মাজেদুল। তাঁরা সবাই নড়াইল জেলার বাসিন্দা।

চাঁদপুরে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, ৯৯৯ মাধ্যমে তারা জানতে পারেন এমভি আল বাখেরা জাহাজে মরদেহ রয়েছে। পরে তারা গিয়ে ৫ জনকে মৃত অবস্থায় এবং ৩ জনকে আশংকাজনক অবস্থায় পান। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়। এখন আশঙ্কাজনক অবস্থায় একজন চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

পুলিশের ধারণা, গত রাত দুইটার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। নিহতরা সবাই জাহাজের ক্রু। তবে কি কারণে এ হত্যা কাণ্ডে তা প্রাথমিকভাবে জানাতে পারেনি তারা। জাহাজটি ইউরিয়া সার নিয়ে চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ী বন্দর যাচ্ছিলো বলে জানা গেছে।

পুলিশ ধারণা করছে, চাঁদপুর নৌ সীমানায় আসলে ডাকাত দল জাহাজ ঢুকে অতর্কিত হামলা চালায়। এতে পৃথক স্টাফরুমে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে। অথবা পারিবারিক বা ব্যবসায়িক কোন শত্রুতা থাকতে পারে।

নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান জানান, জাহাজ থেকে উদ্ধার করা ৫ মরদেহ ভিন্ন ভিন্ন রুমে পড়ে ছিল। ঘটনাস্থল থেকে ২টি মোবাইল পাওয়া গেছে। তার সূত্রে ধরে রহস্য উদঘাটন করা হবে।

চাঁদপুর জেলা প্রশাসক মহসীন উদ্দিন জানান, ঘটনাস্থলে জেলা পুলিশ, নৌ পুলিশ ও কোস্ট গার্ড নিহতদের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। এসব ঘটনা এড়াতে পুলিশ সতর্ক আছে। এটি একটি দুর্ঘটনা ঘটতে পারে আবার হত্যাকাণ্ডও হতে পারে বা পরিকল্পিত হতে পারে। পুলিশি তদন্তের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

শীতে ঘন কুয়াশায় মাঝে এমন হামলায় আতংকিত নৌপথের শ্রমিকেরা। তারা জানান, প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে নৌ-পথে। এ অবস্থায় নৌপথে নিরাপত্তার দাবি জানিয়েছেন শ্রমিকরা।

/এসবি