ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৪ ডিসেম্বর ২০২৪ ১১:০২
ছবি: সংগৃহীত
রাঙামাটির কাপ্তাই উপজেলায় যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত যুবলীগ নেতার নাম মো. ওবায়েদ উল্লাহ (৪৩)। তিনি রাইখালী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন।
পুলিশ ও
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে কারিগরপাড়া বাজার থেকে তার নিজস্ব
ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বালুখালীর বাড়িতে যাচ্ছিলেন ওবায়েদ। গ্রামের কাছাকাছি পৌঁছালে
কয়েকজন দুর্বৃত্ত তার গতি রোধ করে। পরে কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি কোপাতে থাকে।
এতে যুবলীগ নেতা ওবায়েদ গুরুতর আহত হন। খবর পেয়ে এলাকার লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা
পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত
চিকিৎসক ওবায়েদকে মৃত ঘোষণা করেন।
রাইখালী
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ওবায়েদ উল্লাহ নামের
যুবলীগ নেতাকে গতকাল রাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে তাকে
উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার পর মৃত্যু হয়। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন
করেছে পুলিশ। এ নিয়ে তদন্ত চলছে। এখনো মামলা হয়নি।
/এসবি