ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৫ ডিসেম্বর ২০২৪ ১২:০২
সজীব ওয়াজেদ জয় ; ছবি: সংগৃহীত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সম্প্রতি তার এবং তার পরিবারের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে অভিহিত করেছেন।
মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
সজীব ওয়াজেদ
জয় বলেন, আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
আমরা কখনোই কোনো সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না বা এর থেকে অর্থ উপার্জন করিনি। আমি
যুক্তরাষ্ট্রে ৩০ বছর ধরে বসবাস করছি এবং আমার খালা ও কাজিনরা যুক্তরাজ্যে প্রায় একই
সময় ধরে বসবাস করছেন। স্বাভাবিকভাবেই আমাদের এই দুই দেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে।
আমাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই। যে পরিমাণ টাকার দাবি করা হচ্ছে, তার ধারে কাছেও
আমরা কখনো যাইনি।
জয় বলেন,
১০ বিলিয়ন ডলারের একটি প্রকল্প থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করা সম্ভব নয়। আমাদের
বিরুদ্ধে লেনদেন "যুক্ত" হওয়ার যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা। লেনদেন
আমাদের কাছে এসেছে কি আসেনি, সেটা প্রমাণ করতে হবে। আমি দুর্নীতি দমন কমিশনকে (দুদক)
চ্যালেঞ্জ জানাই যে তারা যেন এই তথাকথিত লেনদেন প্রকাশ করে দেখায় যে এগুলো আমাদের
সঙ্গে যুক্ত।
সাবেক আইসিটি
উপদেষ্টা আরও বলেন, অবৈধ ইউনুস সরকার এবং তাদের সন্ত্রাসী ছাত্র সমন্বয়করা দেশ চালানোর
ব্যর্থতা, আইনের শাসনের অভাব, অর্থনৈতিক পতন, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রের সংকট এবং
রাজনৈতিক দমন-পীড়ন থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করছে।
/এসবি