ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৬ ডিসেম্বর ২০২৪ ০৮:২১



সচিবালয়ে আগুন: ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৬ ডিসেম্বর ২০২৪ ০৮:২১

সচিবালয়ে আগুন: ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ট্রাকচাপায় এক ফায়ার ফাইটার সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক ফায়ার ফাইটার। এই ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক ও সহকারীকে আটক করেছে পুলিশ।

নিহত ফায়ার ফাইটার সদস্যের নামা সোহানুর জামান নয়ন (২৪)। তার মূল কর্মস্থল বিশ্বনাথপুর ফায়ার স্টেশন (সিলেট) হলেও বর্তমানে তেজগাঁও ফায়ার স্টেশনের সংযুক্ত ছিলেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর। আহত ফায়ার ফাইটারের নাম মো. হাবিবুর রহমান (২৬)।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে সচিবালয়ে আগুন লাগলে তেজগাঁও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসে। এ সময় মালামাল নিয়ে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনের রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তারা। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সোহানুরকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ ভোরের দিকে গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের দুই সদস্যকে হাসপাতালে আনা হলে তাদের মধ্যে সোহানুর নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরজন চিকিৎসা নিয়ে চলে গেছেন।

মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলেও জানান ফারুক। তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

/এসবি