ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৮ ডিসেম্বর ২০২৪ ১০:২৬
ছবি: সংগৃহীত
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বিসিক এলাকায় একটি ওষুধ কারখানার ভেতরে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ হয়ে ৪ জন দগ্ধ হয়েছেন। আজ শনিবার বিকেল পৌনে ৫টার দিকে ব্রিস্টল ফার্মা লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—
কোনাবাড়ীর হরিণাচালা এলাকার মৃত জাহেদুল ইসলামের ছেলে রেদোয়ান আহমেদ (২৫), একই থানার
বাইমাইল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে হৃদয় আহমেদ স্বাধীন (১৭), একই এলাকার রফিকুল
ইসলামের ছেলে খালিদ আব্দুল্লাহ (১৯) ও বগুড়া জেলার শেরপুর থানার রামনগর গ্রামের রফিকুল
ইসলামের ছেলে আরমান হোসেন (২২)। তারা ওই কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
ফায়ার সার্ভিস
ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কোনাবাড়ী বিসিক এলাকায় ব্রিস্টল ফার্মা লিমিটেড
কারখানার ওই ৪ জন শ্রমিক নামাজ পড়ার জন্য ওজু করতে যান। এসময় পাশে টিনশেডের একটি কক্ষে
বিদ্যুতের সুইচের পাশেই রাখা কেমিক্যালের একটি ড্রাম বিস্ফোরণ হয়। এতে ওই ৪ শ্রমিক
দগ্ধ হন। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই
কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে। পরে দগ্ধ ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন
ইউনিটে পাঠানো হয়।
ব্রিস্টল
ফার্মা লিমিটেড কারখানার প্ল্যান ম্যানেজার রাজীব ভৌমিক বলেন, ‘কারখানার ৪ শ্রমিক দগ্ধ
হয়েছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। কীভাবে ঘটনা ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি।’
কোনাবাড়ী
মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, কোনাবাড়ী বিসিক
এলাকায় ব্রিস্টল ফার্মা লিমিটেড কারখানার ভেতর কেমিক্যাল ভর্তি ড্রাম বিস্ফোরণ হয়ে
চারজন দগ্ধ হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা আগুন নিভিয়ে
ফেলে। তবে কেমিক্যালের ড্রামের পাশেই বিদ্যুতের সুইচ ছিল। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক
গোলযোগ থেকে এ বিস্ফোরণটি হয়েছে।
কোনাবাড়ী
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘দগ্ধ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
নেওয়া হয়েছে। তাদের একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।’
/এসবি