ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০২ জানুয়ারি ২০২৫ ০২:৩৩
ছবি: সংগৃহীত
বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বুধবার (১ জানুয়ারি) দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক কৃষ্ণকান্ত রায় এ রায় দিয়েছেন।
খালাসপ্রাপ্ত
আসামিরা হলেন- রাফি ইবনে জামান সিনা, হাদিসুর রহমান মাসুম, আবু সোমান সরকার, সাজ্জাদুর
রহমান সাকিব ও রাজিব বসুনিয়া।
মামলার বিবরণে
জানা গেছে, ২০২০ সালের ২৪ জানুয়ারি তারিখে রংপুর নগরীর লালবাগ এলাকার একটি বেসরকারি
ছাত্রাবাস থেকে নাশকতা সৃষ্টির অভিযোগে রংপুর মেট্রোপলিটন পুলিশ তাদের গ্রেফতার করে।
এ ঘটনায় মেট্রোপলিটন কোতোয়ালি থানার এসআই মুর্শিদ আলম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনের
১৫(৩) ধারায় মামলা দায়ের করে। তদন্ত শেষে এসআই এরশাদ আলী পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে
চার্জশিট দেন।
মামলাটি
বিচারের জন্য রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক কৃষ্ণকান্ত রায়ের
আদালতে আসে। মামলায় সাত সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে জামায়াত শিবিরের পাঁচ নেতার বিরুদ্ধে
পুলিশের করা মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় সব আসামিকে বেকসুর খালাস প্রদান করেন
আদালত।
সরকার পক্ষে
মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি আব্দুস সাত্তার। আসামি পক্ষে ছিলেন রবিউল ইসলাম
ও কাওছার আলী।
রায় ঘোষণার
পর আসামিপক্ষের আইনজীবী রবিউল ইসলাম আদালতের দেওয়া রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন,
স্বৈরাচারী আওয়ামী বাকশালী চক্র দীর্ঘ সাড়ে ১৫ বছর জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের
নেতাকর্মীদের নামে মিথ্যা বানোয়াট ও গায়েবি মামলা দিয়ে নির্যাতনের যে দৃষ্টান্ত স্থাপন
করেছিল মামলার রায়ে সত্যটাই প্রতিফলিত হয়েছে।
অপরদিকে
সরকার পক্ষের আইনজিবী আদালতে উপস্থিত না থাকায় মন্তব্য জানা যায়নি।
/এসবি