ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০২ জানুয়ারি ২০২৫ ১০:৪৫



হবিগঞ্জে ব্যাংক কর্মকর্তা নিখোঁজ, পাঁচ লাখ টাকা চেয়ে খুদে বার্তা

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০২ জানুয়ারি ২০২৫ ১০:৪৫

হবিগঞ্জে ব্যাংক কর্মকর্তা নিখোঁজ, পাঁচ লাখ টাকা চেয়ে খুদে বার্তা

ছবি: সংগৃহীত

নতুন বছরের প্রথম দিন গতকাল বুধবার দাপ্তরিক কাজে হবিগঞ্জ শহর থেকে শায়েস্তাগঞ্জ উপজেলা সদরে যাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা আবদুল জব্বার চৌধুরী (৩০)। এর পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ তাকে অপহরণের বিষয়টি নিশ্চিত করে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে।

এ ঘটনায় ওই ব্যাংক কর্মকর্তার পরিবারের পক্ষ থেকে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অপহৃত আবদুল জব্বার চৌধুরী সিটি ব্যাংকের হবিগঞ্জ প্রধান শাখায় কর্মরত ছিলেন।

পুলিশ ও অপহৃত ব্যাংক কর্মকর্তার পরিবার সূত্রে জানা গেছে, আবদুল জব্বার চৌধুরী হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। গতকাল বুধবার সকাল নয়টায় অফিসের উদ্দেশে তিনি বাসা থেকে বের হন। তিনি ওই দিন বেলা একটা পর্যন্ত যথারীতি অফিস করেন। এরপর তিনি অফিসের কাজে শহরের আমির-চান্দ কমপ্লেক্সে অবস্থিত সিটি ব্যাংকের কার্যালয় থেকে শায়েস্তাগঞ্জ উপজেলা সদরে যান। এর পর থেকে তার মুঠোফোন নম্বর বন্ধ পাচ্ছিলেন স্বজনেরা।

গতকাল বিকেল চারটার দিকে ওই ব্যাংক কর্মকর্তার মুঠোফোন থেকে তার স্ত্রীর মুঠোফোন নম্বরে একটি খুদে বার্তা আসে। তাতে জানানো হয়, আবদুল জব্বারকে অপহরণ করা হয়েছে। তার মুক্তিপণের জন্য পাঁচ লাখ টাকা দাবি করা হয়। এরপরই ওই ব্যাংক কর্মকর্তার পরিবারের পক্ষ থেকে ঘটনাটি সদর থানা-পুলিশকে জানানো হয়। পাশাপাশি থানায় একটি জিডি করা হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, পরিবার থেকে অপহরণের খবর পেয়ে তারা জিডি করেছেন। ঘটনাটি পুলিশ তদন্ত করছে।

/এসবি