ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৪ জানুয়ারি ২০২৫ ১২:০৮
ছবি: সংগৃহীত
শিনজিয়াং প্রদেশে আরও দুটি নতুন প্রশাসনিক অঞ্চল (কাউন্টি) প্রতিষ্ঠা করেছে চীন। তবে ভারত দাবি করেছে, নতুন প্রতিষ্ঠিত এই দুটি অঞ্চলে ভারতের লাদাখের কিছু অংশ ঢুকে গেছে। তাই এরই মধ্যে কূটনৈতিকভাবে প্রতিবাদ জানিয়েছে ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম
এনডিটিভি বলেছে, দীর্ঘ আলোচনার পর সম্প্রতি চীন ও ভারত পূর্ব লাদাখ সীমান্ত থেকে তাদের
সেনা প্রত্যাহার করে নিয়েছে। তারপর এমন ঘটনা নতুন করে দুই দেশের মধ্যে আলোচনার জন্ম
দিল।
চীনের সরকারি
বার্তা সংস্থা সিনহুয়া গত ২৭ ডিসেম্বর জানায়, উত্তর-পশ্চিম চীনের শিনজিয়াংয়ে দুটি
কাউন্টি প্রতিষ্ঠা করেছে। কাউন্টি দুটির নাম হে’আন কাউন্টি এবং হেকাং কাউন্টি। দুটি
কাউন্টিই শিনজিয়াংয়ের সরকার হোটান প্রিফেকচারের অধীনে থাকবে। এরই মধ্যে চীনের কমিউনিস্ট
পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্র পরিষদ এই দুটি নতুন কাউন্টি অনুমোদন করেছে।
এ ঘটনার
পর শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা চীনের
হোটান প্রিফেকচারের অধীনে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দেখেছি। তথাকথিত এই কাউন্টিগুলোর
কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের ভেতরে পড়ে। আমরা কখনো এই এলাকায় চীনের
অবৈধ দখলদারি স্বীকার করিনি।
এ ব্যাপারে
কূটনৈতিক চ্যানেলের চীনের কাছে প্রতিবাদ জানানো হয়েছে বলেও উল্লেখ করেন রণধীর জয়সওয়াল।
তিনি আরও বলেন, নতুন কাউন্টি তৈরির বিষয়টি এই এলাকায় ভারতের সার্বভৌমত্ব নিয়ে আমাদের
দীর্ঘদিনের ও ধারাবাহিক অবস্থানের ওপর কোনো প্রভাব ফেলবে না। আমরা চীনের অবৈধ ও জোরপূর্বক
দখলকে বৈধতা দেব না।
/এসবি