ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৪ জানুয়ারি ২০২৫ ১২:২৩



নিখোঁজের ২০ ঘণ্টা পর আলু খেতে মিলল বৃদ্ধের মরদেহ

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৪ জানুয়ারি ২০২৫ ১২:২৩

নিখোঁজের ২০ ঘণ্টা পর আলু খেতে মিলল বৃদ্ধের মরদেহ

ছবি: সংগৃহীত

জয়পুরহাটের কালাইয়ে নিখোঁজের ২০ঘণ্টা পর আব্দুল মালেক খান ফটু (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার জিন্দাপুর ইউনিয়নের করিমপুর গ্রামের কুজাইল দিঘী বড়কোদাল নামক মাঠের আলু খেত থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মালেক খান ফটু উপজেলার করিমপুর গ্রামের মৃত অফিল উদ্দিন খানের ছেলে। তিনি পার্শ্ববর্তী বেগুনগ্রাম ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত পিওন ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, বৃহস্পতিবার বিকেলে আব্দুল মালেক মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। তিনি রাতে বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি পরিবারের লোকজন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে কৃষকরা মাঠের মধ্যে আলু খেতে মৃতদেহটি দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ  উদ্ধার করেছে। মোটরসাইকেটি পড়েছিল রাস্তার পাশে। 

নিহতের ছেলে সিদ্দিকুর রহমান বলেন, ‘আমার বাবা বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল নিয়ে চৌমুহনী বাজারে গিয়ে রাতে আর বাড়িতে ফিরেননি। পরে সকালে জানতে পারি আলু খেতে লাশ পড়ে আছে। সেখানে গিয়ে দেখি ওই লাশই আমার বাবা।’

তিনি আরও জানান, বাবা সুস্থই ছিলেন। কে বা কারা বাবাকে হত্যা করে লাশ আলু খেতে ফেলে গেছে। মৃতদেহের  মাথায় ও মুখমণ্ডলে আঘাতের দাগ রয়েছে । এ ব্যাপারে মামলার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট হাসপাতলে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও পুলিশি তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

/এসবি