ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১২ জানুয়ারি ২০২৫ ১০:৪২



এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: আলোচনায় শীর্ষ সন্ত্রাসী ইমন

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১২ জানুয়ারি ২০২৫ ১০:৪২

এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: আলোচনায় শীর্ষ সন্ত্রাসী ইমন

ছবি: সংগৃহীত

শীর্ষ সন্ত্রাসী ইমনের নির্দেশে হামলা হয়েছে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের দুই ব্যবসায়ীর ওপর, এমন দাবি করেছেন ভুক্তভোগী দুই ব্যবসায়ী। চাঁদার জন্য হামলার ঘটনায় আতঙ্কে অনেকেই। এদিকে, ১২টি সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার সন্ধ্যা থেকে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে কয়েকজন যুবকের আনাগোনা। ১০টা ২৯ মিনিটে একটি বাইক এসে থামে সড়কে। ১০টা ৪০ মিনিটে ১৮-২০ জন আসে মাল্টিপ্ল্যানের পাশের গলিতে।

গলি থেকে মূল সড়কে এনে ব্যবসায়ী এহতেশামুল হককে মারধর করতে থাকে যুবকেরা। এর মধ্যে কয়েকজন চাপাতি দিয়ে কোপাতে থাকে। এ সময় মার্কেট থেকে গাড়িতে বের হচ্ছিলেন আরেক ব্যবসায়ী ওয়াহিদুল হাসান। তার গাড়িতেও হামলা চালায় যুবকরা।

হামলায় জড়িতদের বিষয়ে মুখ খুলেছেন ব্যবসায়ীরা। একজন ব্যবসায়ী বলেন, ‘সাজেদুল ইসলাম ইমন, এখানে মুন্না আছে। তারপর আসিফ নামে একজন, সে ইতিমধ্যে ধরা পড়েছে। এখানে জাহিদ আছে, চাঁদাবাজ। সবাই এখানে নিরাপত্তাহীনতায় ভুগছে। এলিফেন্ট রোডে কখনও চাঁদাবাজি বা এভাবে হামলা হয়নি। আইন শৃঙ্খলার এতো অবনতি আগে কখনও ঘটেনি।’

রোববার দুপুরে ঘটনাস্থলে যান উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আশ্বাস দেন তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘যারা এটা করেছে তাদের গ্রেপ্তার ও শাস্তি দেওয়ার মাধ্যমে যেন দৃষ্টান্ত স্থাপন হয়। আর কেউ যেন এরকম ঘটনা ঘটানোর সাহস না করে। এটা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার কাজ করবে।’

ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও র‍্যাব। হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ।

ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ বলেন, ‘আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। এরমধ্যে একজন এজাহারভুক্ত আসামি। সব কিছুই তো তদন্তের বিষয়। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করব।’

চাঁদার জন্য এমন হামলার ঘটনায় আতঙ্কে সাধারণ ব্যবসায়ীরা।

/এসবি