ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:২২
ছবি: সংগৃহীত
কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে মো. সজীব (২৪) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার
(৪ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। সন্ধ্যায় বিষয়টি
জানিয়েছেন দেবিদ্বার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ।
আটক সজীব
উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট গ্রামের ফুল মিয়ার ছেলে এবং জাফরগঞ্জ মীর
আবদুল গফুর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র।
পুলিশ ও
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের
পদ্মকোট বাজারের দোকানে লিফলেট বিতরণ করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল
পুলিশ ওই বাজারে অভিযান চালায়। তখন অন্য নেতাকর্মীরা পালিয়ে গেলেও সজীবকে আটক করে থানায়
নিয়ে যায় পুলিশ।
/এসবি