ডেস্ক রিপোর্ট
বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
১৭ জুন ২০২৫ ০৭:২৯
ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৭ জুন ২০২৫ ০৭:২৯
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা নৈতিক স্খলনের অভিযোগের বিষয়ে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী পাঁচ দিনের মধ্যে তাকে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পাশাপাশি বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগপর্যন্ত সারোয়ার তুষারকে এনসিপির সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) বেলা আড়াইটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সারোয়ার তুষারকে
কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা জানিয়েছে এনসিপি। দলের পক্ষ থেকে এনসিপির যুগ্ম সদস্যসচিব
(দপ্তর) সালেহ উদ্দিন সিফাত বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠিয়েছেন।
কারণ দর্শানোর নোটিশে এনসিপি বলেছে, ‘আপনার বিরুদ্ধে একটি নৈতিক স্খলনের অভিযোগ
উত্থাপিত হয়েছে। ওই বিষয়ে আপনার সুনির্দিষ্ট অবস্থান ও ব্যাখ্যা দলের আহ্বায়ক মো. নাহিদ
ইসলাম ও সদস্যসচিব মো. আখতার হোসেন জানতে চেয়েছেন। এমন অবস্থায় উত্থাপিত নৈতিক স্খলনজনিত
অভিযোগে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার লিখিত ব্যাখ্যা আগামী
পাঁচ দিনের মধ্যে দলের রাজনৈতিক পর্ষদ এবং এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি বরাবর পাঠানোর
জন্য নির্দেশনা দেওয়া হলো।’
বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগপর্যন্ত সারোয়ার তুষারকে এনসিপির সব সাংগঠনিক কার্যক্রম
থেকে বিরত থাকতে দলের আহ্বায়ক ও সদস্যসচিবের যৌথ নির্দেশনা অনুযায়ী নির্দেশনা দেওয়ার
কথাও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল সোমবার এনসিপির নেতা সারোয়ার তুষারের সঙ্গে দলটির একজন কেন্দ্রীয়
নেত্রীর কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে ব্যাপক বিতর্ক
তৈরি হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে
কি না, তা এনসিপির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। তবে দলটির একাধিক সূত্র জানিয়েছে,
ছড়িয়ে পড়া ওই অডিওর ফলে তীব্র বিতর্কের কারণেই তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।
/এসবি