নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৫ আগস্ট ২০২২ ০৭:২০
ছবি: রিপন কর্মকার
বাম গণতান্ত্রিক জোটের আধাবেলার হরতাল শুরু হয়েছে। জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যসহ নিত্যপণ্য ও পরিবহনের ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের প্রতিবাদে দেশব্যাপী বৃহস্পতিবার (২৫ আগস্ট) ভোর ৬টায় শুরু হওয়া এ হরতাল চলবে দুপুর ১২টা পর্যন্ত।
সরেজমিন দেখা যায়, বৃহস্পতিবার সকাল ৬টায় একটি বিক্ষোভ মিছিলের মধ্যদিয়ে হরতালের কার্যক্রম শুরু করে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতারা। রাজধানীর পল্টন মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পল্টন মোড়ে অবস্থান নিয়েছে। এতে যান চলাচল ব্যহত হচ্ছে।
সকাল ৭টায় হরতালের সমর্থনে শাহবাগ এলাকায় অবস্থান নেয় হরতাল সমর্থকরা। এ সময় হরতালের সমর্থনে স্লোগান দিতে দেখা যায়। কিছুক্ষণ অবস্থানের পর তারা শাহবাগ মোড় ছেড়ে যায়। রাস্তা বন্ধ করার চেষ্টা করলেও পুলিশের সহায়তা যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে এতে করে সৃষ্টি হয়েছে যানজটের। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে গতকাল রাত ১১টার দিকে হরতালের সমর্থনে মিছিল করার সময় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীলসহ চার নেতাকর্মীকে গাড়ি ভাঙচুরের অভিযোগে আটক করে পুলিশ।
এর আগে গতকাল বুধবার ২৪ আগস্ট সকালে পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের হলরুমে এক সংবাদ সম্মেলনে হরতাল কর্মসূচি ঘোষণা করে বাম গণতান্ত্রিক জোট।
এই সংবাদের ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
আরকে/এসএ