নিজস্ব প্রতিবেদক
বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
০৯ এপ্রিল ২০২৫ ০৯:৪৮
নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৯ এপ্রিল ২০২৫ ০৯:৪৮
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুল আজিজ জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হওয়ার পরপরই শিবির কর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জের যুগ্ম আহবায়ক মুনতাসীর মেহেদী হাসান ও তার সহযোগীদের হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন।
গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টায় সিরাজগঞ্জ জেলা কারাগারের ফটক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ হামলায় স্থানীয় ছাত্রশিবির, ছাত্রদল ও যুবদলের উগ্র নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে জানা গেছে।
জামিনে মুক্ত হয়ে কারাগার থেকে বের হওয়ার সময় মুনতাসিরের নেতৃত্বে একদল লোক আব্দুল আজিজকে ঘিরে ধরে অশ্রাব্য গালাগালি শুরু করে। কারা কর্তৃপক্ষ ও পুলিশের সামনেই এ হামলা চালানো হয় বলে জানা গেছে। নির্যাতনের এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় দেশজুড়ে তীব্র নিন্দা ও ক্ষোভ ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রখ্যাত এই শিশুরোগ বিশেষজ্ঞকে মারধর করার পাশাপাশি উল্লাস করছেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাকরশোন গ্রামে জন্ম নেওয়া আব্দুল আজিজ ঢাকা শিশু হাসপাতালের পরিচালক ও শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হন। এছাড়া পেশাজীবী সংগঠন বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতৃত্বেও তিনি দায়িত্ব পালন করেছেন।
সিরাজগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির ঘটনাটির বিষয়ে বলেন, ‘সাবেক এমপিকে কারাগার থেকে বের হওয়ার পর সমন্বয়করা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’ তবে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, পুলিশের উপস্থিতিতে এমন হামলা হওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবির নেতা মুনতাসির মেহেদী গত আগস্টে মাদক কারবারিদের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবির একটি অডিও ভাইরাল হয়েছিল। এরপর থেকেই সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি ও হুমকির অভিযোগে তার নাম জড়িয়ে আসছে। এলাকাবাসীর মতে, প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে মুনতাসির তার অপকর্মকে বৈধতা দিতে চাইছেন। এবার সাবেক এমপির ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে নাগরিক সমাজ, রাজনৈতিক নেতা ও মানবাধিকার সংগঠনগুলো মুনতাসিরের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘কারাগারের ফটকে প্রকাশ্যে একজন গণপ্রতিনিধিকে নির্যাতনের দুঃসাহস কীভাবে হলো?’ স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, সমন্বয়কদের উৎপাত বন্ধ না হলে এলাকায় আইনের শাসন ভেঙে পড়তে পারে।